ফেনীর দাগনভূঞায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিশেষ পোশাক পরা ব্যক্তিদের অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়।
রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, র্যালিটি দাগনভূঞা সরকারি আতাতুর্ক আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফটকে পৌঁছালে নিউ সুলতান মার্কেট ও জিরো পয়েন্ট এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। র্যালি শেষে কলেজ রোডের দিকে যাওয়ার সময়ও আবার বিস্ফোরণ হয়।
আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। বিস্ফোরণের ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে পড়লে পথচারীরা দিকবিদিক ছুটোছুটি করেন। এ ঘটনায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, র্যালির আগে ও পরে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া দুই শতাধিক ব্যক্তিকে বিশেষ পোশাক, হেলমেট ও মাস্ক পরে লাঠি হাতে র্যালির নিরাপত্তায় অংশ নিতে দেখা যায়। তাঁদের মধ্যে কয়েকজনের শরীরে অস্ত্র বহন করতে দেখা গেছে বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। তবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা জানাতে পারেননি প্রত্যক্ষদর্শী ও পুলিশ।
জেলা বিএনপির সদস্য মাহবুল হক রিপন বলেন, বিপ্লব ও সংহতি দিবসের মতো কর্মসূচিতে এ ধরনের অপতৎপরতা সাধারণ মানুষের কাছে নেতিবাচক বার্তা দিয়েছে। জেলা বিএনপির অপর সদস্য রফিকুল ইসলাম বলেন, পুলিশের সামনেই কিছু লোক হলুদ গেঞ্জি পরে ব্যাগভর্তি দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। এ ঘটনায় তাঁরা শঙ্কিত।
দাগনভূঞা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন অভিযোগ করেন, তাঁর বাড়িতে সন্ত্রাসী পাঠিয়ে মহড়া দেওয়া হয়েছে। এ ছাড়া থানার ওসির প্রত্যক্ষ মদদে এসব ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, দলের স্বার্থে ঐক্যের ডাক দেওয়া হয়েছে। দাগনভূঞার মাটিতে কোনো সন্ত্রাসীর স্থান হবে না।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, শান্তিপূর্ণভাবে বিএনপির কর্মসূচি শেষ হয়েছে। ককটেল বিস্ফোরণ কারা ঘটিয়েছে, তা তাঁর জানা নেই।
দলীয় সূত্রে জানা গেছে, দাগনভূঞা বিএনপিতে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল চলছে। গত ২ সেপ্টেম্বর দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় নেতাকর্মী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৪৫ জন আহত হন।
