মাদকের অভিযোগে দুই মাসে ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি

  • মানিটাইমস প্রতিবেদক:
  • 26 Oct, 2026, 06:20 PM
মাদকের অভিযোগে দুই মাসে ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি
ad
মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত দুই মাসে ২৭ জন পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মাদকবিরোধী কার্যক্রমে পুলিশের অভ্যন্তরেও শুদ্ধি অভিযান চালানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, ‘আগে ঘর পরিষ্কার হোক, তারপরে আপনারা পরিষ্কার হবেন।’ একই সঙ্গে মাদক নির্মূলে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে বাগেরহাট পুলিশ লাইন্স মিলনায়তনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

সমাবেশে মো. আলী হোসেন ফকির বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। মাদকসংক্রান্ত অপরাধের তথ্য পুলিশকে জানালে তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে। এ ক্ষেত্রে পুলিশ সদস্যদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অপরাধের অভিযোগ উঠলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে বিশেষ কমিটি গঠনের কথা জানিয়ে আইজিপি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সমন্বয়ে এসব কমিটি কাজ করবে। জেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিটির কার্যক্রম বিস্তৃত থাকবে।

তিনি আরও বলেন, স্থানীয় এলাকায় কোন কিশোর কী ধরনের অপরাধে জড়াচ্ছে, সে বিষয়ে বাসিন্দাদের ধারণা থাকে। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য কাজে লাগিয়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো সম্ভব।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিলুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল করিম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Comment
সর্বশেষ সংবাদ
গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে:

গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে: