নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কওমি মাদ্রাসার পাঠাগারে নৈশ অগ্নিকাণ্ডের ঘটনায় বিষাক্ত ধোঁয়ায় ৪৮ জন শিক্ষার্থী মারাত্মকভাবে অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড সংলগ্ন শান্তিধারা এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার ভবনের দ্বিতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে কাচপুর ফায়ার স্টেশনসহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনেন উদ্ধারকর্মীরা।
কাচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার জানান, দ্বিতীয় তলার পাঠাগার থেকে সৃষ্ট ঘন ধোঁয়া নিমেষেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে। গভীর রাতে শিক্ষার্থীরা ঘুমন্ত অবস্থায় থাকায় ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে অনেকেই সংজ্ঞাহীন ও অসুস্থ হয়ে পড়েন। ফায়ার সার্ভিস প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করছে, জ্বলন্ত মশার কয়েল কিংবা বৈদু্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূচনা হতে পারে।
অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। প্রতিষ্ঠানের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. সুলতান মাহমুদ শিকদার নিশ্চিত করেছেন যে, সকাল পর্যন্ত ৪৮ জন রোগীকে জরুরি বিভাগে আনা হয়েছে।
তিনি জানান, আশঙ্কাজনক তিনজনের মধ্যে একজনকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের জন্য ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। হাসপাতালে আরও অসুস্থ শিক্ষার্থী আসার আশঙ্কা থাকায় জরুরি চিকিৎসাসেবা জোরদার করা হয়েছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ নির্ণয়ে ফায়ার সার্ভিস আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
