পিএইচপির দুটি গুরুতর ত্রুটিতে দেশে উচ্চ সতর্কতা, বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি ওয়েবসাইট বন্ধ

  • ডেস্ক রিপোর্টঃ
  • 23 Oct, 2026, 12:13 PM
পিএইচপির দুটি গুরুতর ত্রুটিতে দেশে উচ্চ সতর্কতা, বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি ওয়েবসাইট বন্ধ
ad


পিএইচপি প্রোগ্রামিং ভাষায় ধরা পড়া দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটির কারণে দেশে সাইবার হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় উচ্চ সতর্কতা জারি করেছে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বিজিডি ই-গভ সার্ট। ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার জারি করা ওই সতর্কবার্তায় সংস্থাটি জানায়, ত্রুটি দুটি ‘পিএইচপি২শেল’ নামে পরিচিত। আন্তর্জাতিক নিরাপত্তা মূল্যায়ন পদ্ধতিতে এগুলোর ঝুঁকির মাত্রা ১০-এর মধ্যে ৯ দশমিক ২, অর্থাৎ অত্যন্ত গুরুতর। শনাক্তকরণ নম্বর যথাক্রমে সিভিই-২০২৬-১০৯৬১৮ ও সিভিই-২০২৬-১০৯৬১৯।

কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ত্রুটিগুলো ধরা পড়েছে। এর সুযোগ নিয়ে হ্যাকাররা দূর থেকেই ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড কাজে লাগিয়ে ওয়েবসাইটের সার্ভারে ঢুকে ক্ষতিকর নির্দেশনা চালাতে পারে। এতে সার্ভারের নিয়ন্ত্রণ হারানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য চুরির ঝুঁকি তৈরি হয়।

সার্টের ব্যাখ্যা অনুযায়ী, তথ্য সংরক্ষণ ও ব্যবহারের ব্যবস্থায় ত্রুটির কারণে এই ঝুঁকি দেখা দিয়েছে। কাজ শেষে সাময়িকভাবে জমা রাখা তথ্য ঠিকভাবে সরানো না হলে হ্যাকাররা বিশেষভাবে তৈরি অনুরোধ পাঠিয়ে সার্ভারে নিজেদের নির্দেশনা চালাতে পারে।

পিএইচপি-এফপিএম, অ্যাপাচির মড_পিএইচপি, পিএইচপি-সিজিআই, ফ্র্যাঙ্কেনপিএইচপি ও লাইটস্পিডসহ কয়েকটি প্রযুক্তি বেশি ঝুঁকিতে রয়েছে। একই সার্ভারে একাধিক ওয়েবসাইট চালানোর ব্যবস্থা ও ডকারভিত্তিক সার্ভারও ঝুঁকির আওতায়। সরকারি পোর্টাল, ব্যাংক, অনলাইন কেনাকাটার সাইট এবং ওয়ার্ডপ্রেস ও লারাভেল দিয়ে তৈরি ওয়েবসাইট আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলা সফল হলে সার্ভারের নিয়ন্ত্রণ হারানো, গুরুত্বপূর্ণ ফাইল ও তথ্য চুরি, পাসওয়ার্ড ফাঁস এবং ওয়েবসাইট অচল হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এমনকি বিভিন্ন অনলাইন সেবার সঙ্গে সংযোগে ব্যবহৃত গোপন সংকেতও চুরি হতে পারে।

সমাধানের জন্য পিএইচপির নিরাপদ সংস্করণ ৮.৫.১২, ৮.৪.২৭, ৮.৩.৩৬ ও ৮.২.৩৫-এ দ্রুত হালনাগাদের পরামর্শ দিয়েছে সার্ট। শুধু ওয়েবসাইট তৈরির সফটওয়্যার নয়, সার্ভারে চালু পিএইচপির মূল সংস্করণও হালনাগাদ করতে হবে এবং সংশোধন কার্যকর হয়েছে কিনা পরীক্ষা করতে হবে।

তাৎক্ষণিক হালনাগাদ সম্ভব না হলে সার্ভারে প্রবেশের সুযোগ সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ভিপিএনের মাধ্যমে নির্দিষ্ট নিরাপদ সংযোগ ব্যবহার এবং অনুমোদিত আইপি ঠিকানা ছাড়া প্রবেশ বন্ধ রাখার কথা বলা হয়েছে। সার্ভারের কার্যক্রম নিয়মিত পরীক্ষা করতে হবে। তবে সাময়িক এসব ব্যবস্থার বদলে নিরাপদ সংস্করণ হালনাগাদই স্থায়ী সমাধান বলে জানিয়েছে সংস্থাটি।

Comment
সর্বশেষ সংবাদ
তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৮, আহত ৩২

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৮, আহত ৩২