ইসলামী ব্যাংকের ৯ মাসে নিট লোকসান ৩ হাজার ৩০৩ কোটি টাকা

  • মানিটাইমস প্রতিবেদক:
  • 31 Oct, 2026, 12:31 AM
ইসলামী ব্যাংকের ৯ মাসে নিট লোকসান ৩ হাজার ৩০৩ কোটি টাকা
ad
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ৩ হাজার ৩০৩ কোটি টাকা নিট লোকসান করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অথচ গত বছরের একই সময়ে ব্যাংকটি প্রায় ৭৯ কোটি টাকা মুনাফা করেছিল। ব্যাংকটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে ব্যাংকটির লোকসান হয়েছে ১ হাজার ৯৭৬ কোটি টাকা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪১৪তম সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।

শেয়ারপ্রতি আয়েও বড় পতন

লোকসানের প্রভাব পড়েছে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএসে। জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে একক হিসাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২০ টাকা ৫১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৪৯ পয়সা।

সমন্বিত হিসাবে এ সময়ে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২০ টাকা ৪১ পয়সা। গত বছরের একই সময়ে এ হিসাবে শেয়ারপ্রতি আয় ছিল ৬২ পয়সা।

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে একক হিসাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ২৭ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ১৫ পয়সা। সমন্বিত হিসাবে এ প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১২ টাকা ২৪ পয়সা। এক বছর আগে একই সময়ে আয় ছিল ২০ পয়সা।

কমেছে ব্যাংকের নিট সম্পদমূল্য

লোকসানের পাশাপাশি ব্যাংকটির নিট সম্পদমূল্যও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গত ৩০ সেপ্টেম্বর একক হিসাবে নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ৩ হাজার ৫৮৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৬ হাজার ৯৬৩ কোটি টাকা।

সমন্বিত হিসাবে নিট সম্পদমূল্য ৭ হাজার ১৬১ কোটি ৬ লাখ টাকা থেকে কমে ৩ হাজার ৮০৬ কোটি ৫ লাখ টাকায় নেমেছে।

শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যও কমেছে। একক হিসাবে গত বছরের ৪৩ টাকা ২৫ পয়সা থেকে তা নেমে এসেছে ২২ টাকা ২৭ পয়সায়। সমন্বিত হিসাবে এ সূচক ৪৪ টাকা ৪৮ পয়সা থেকে কমে হয়েছে ২৩ টাকা ৬৪ পয়সা।

ঋণাত্মক পরিচালন নগদ প্রবাহ

চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহও ঋণাত্মক হয়েছে। একক হিসাবে এ প্রবাহ দাঁড়িয়েছে ঋণাত্মক ৩৬ টাকা ৫৪ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১১ টাকা ৮৯ পয়সা।

সমন্বিত হিসাবে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ১২ টাকা ৪৪ পয়সা থেকে কমে ঋণাত্মক ৩৬ টাকা ১২ পয়সায় নেমেছে।

লোকসানের কারণ হিসেবে যেসব বিষয় উল্লেখ

ব্যাংকটির আর্থিক প্রতিবেদনে বিনিয়োগ থেকে আয় কমে যাওয়াকে লোকসানের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, খেলাপি ঋণের উচ্চ হার এবং ব্যাংকসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মাধ্যমে বড় অঙ্কের বিনিয়োগের অর্থ আত্মসাতের ঘটনায় বিনিয়োগ আয় কমেছে।

অন্যদিকে, আমানতের বিপরীতে মুনাফা বাবদ ব্যয় বেড়েছে। ফলে আয় হ্রাস ও ব্যয় বৃদ্ধির সম্মিলিত চাপ ব্যাংকটির আর্থিক ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে।

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে পরিবর্তন

প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। এরপর ব্যাংকটি থেকে বিভিন্ন নামে প্রায় এক লাখ কোটি টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। প্রতিবেদনে ওই অর্থের পুরোটাই খেলাপি হয়ে পড়েছে বলে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির নিয়ন্ত্রণ হারায় এস আলম গ্রুপ। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে স্বতন্ত্র পরিচালকদের মাধ্যমে ব্যাংকটি পরিচালিত হয়। বর্তমানে ব্যাংকটির দায়িত্বে রয়েছে বাংলাদেশ ব্যাংক।

Comment
সর্বশেষ সংবাদ
গেবেখা টেস্ট থেকে বাদ স্টাবস, ফিরলেন ব্রিটস্কি

গেবেখা টেস্ট থেকে বাদ স্টাবস, ফিরলেন ব্রিটস্কি