২৪ বছর ভোটাধিকারবঞ্চিত রংপুরের আইনজীবীরা, সাত দিনের আলটিমেটাম

  • নিজস্ব প্রতিবেদক
  • 12 Nov, 2026, 11:53 AM
২৪ বছর ভোটাধিকারবঞ্চিত রংপুরের আইনজীবীরা, সাত দিনের আলটিমেটাম
ad
রংপুর: আগামী সাত দিনের মধ্যে ভোটাধিকার নিশ্চিত না হলে বার কাউন্সিল নির্বাচন বয়কট ও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন রংপুর আইনজীবী সমিতির সদস্যরা। টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালনকালে বুধবার দুপুরে তাঁরা এই আলটিমেটাম দেন।

সমিতির গঠনতন্ত্রে 'সাধারণ' ও 'অ্যাসোসিয়েট'—এই দুই শ্রেণিতে বিভক্ত করে দীর্ঘ ২৪ বছর ধরে একটি অংশের ভোটাধিকার আটকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রংপুর আইনজীবী ভবনের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান নেন নবীন ও জ্যেষ্ঠ আইনজীবীরা। 'ভোটাধিকার বঞ্চিত বৈষম্যের শিকার আইনজীবী' ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা অ্যাসোসিয়েট সদস্যদের সবাইকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

কর্মসূচিতে অংশ নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আ. হানিফ মিয়া প্রশ্ন তোলেন, আর কত দিন এই বৈষম্য সহ্য করতে হবে? সমস্যার দ্রুত ও সুষ্ঠু সমাধান না হলে কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানান তিনি।

অন্য বক্তাদের মতে, ভোট দেওয়া মানুষের গণতান্ত্রিক ও জন্মগত অধিকার হলেও ফ্যাসিবাদী আমলে প্রণীত একটি আইনের কারণে তরুণ অ্যাসোসিয়েট সদস্যরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। নারী ও শিশু আদালত-১-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফি কামালের মতে, দুই যুগ ধরে ভোট দিতে না পারা বৈষম্যের একটি বড় উদাহরণ, যার অবসান ২০২৪ সালের আন্দোলনের পরও ঘটেনি। সাংগঠনিক ও ব্যক্তিগতভাবে সবার ভোটাধিকার নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন, হুমকি দিয়ে ক্ষমতা ধরে রাখা বা কোনো কাজ আদায় করা সম্ভব নয়। তাই সমিতিতে সুষ্ঠু সমাধান ও নেতৃত্বের পরিবর্তন প্রত্যাশা করেন তিনি।

বুধবারের এই অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গভর্নমেন্ট প্লিডার (জিপি) অ্যাডভোকেট একরামুল হক, নারী ও শিশু আদালত-২-এর পিপি অ্যাডভোকেট মোকসেদুল ইসলাম এবং নারী ও শিশু আদালত-৩-এর পিপি অ্যাডভোকেট মোজাহারুল ইসলাম বাবলু। সিনিয়র অ্যাডভোকেট বায়েজীদ ওসমানী, অ্যাডভোকেট রফিকুল ইসলাম লাল, অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, অ্যাডভোকেট জোবাইদু ইসলাম বুলেট ও অ্যাডভোকেট ফজলুল হকসহ বিপুলসংখ্যক আইনজীবী কর্মসূচিতে সংহতি জানান।

Comment
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় বিএনপি কার্যালয়কে সার গুদাম দেখিয়ে ডিলারশিপ

গাইবান্ধায় বিএনপি কার্যালয়কে সার গুদাম দেখিয়ে ডিলারশিপ