দরজার সামনে মুড়ির প্যাকেট, ঘরে নিতেই বিস্ফোরণ; দগ্ধ জামায়াত নেতা

  • খুলনা প্রতিনিধি:
  • 04 Nov, 2026, 04:51 AM
দরজার সামনে মুড়ির প্যাকেট, ঘরে নিতেই বিস্ফোরণ; দগ্ধ জামায়াত নেতা
ad
বাড়ির দরজার সামনে পলিথিনে মোড়ানো মুড়ির প্যাকেট পড়ে থাকতে দেখে সেটি ঘরের ভেতরে নিয়ে গিয়েছিলেন এম এম মনিরুল ইসলাম (৬৩)। কিন্তু মেঝেতে রাখার সঙ্গে সঙ্গেই প্যাকেটটির ভেতরে থাকা বিস্ফোরকসদৃশ বস্তু বিস্ফোরিত হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বিস্ফোরণের আগুনে ক্ষতিগ্রস্ত হয় ঘরের আসবাবপত্রও। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের কলের পুকুর এলাকার পশ্চিম পাশে নিজের বসতঘরে এ ঘটনা ঘটে।

আহত মনিরুল ইসলাম সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি। বর্তমানে তিনি দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায় করে বাড়িতে ফেরার পর বসতঘরের প্রবেশপথের সামনে পলিথিনের একটি প্যাকেটে মুড়ি দেখতে পান মনিরুল ইসলাম। কেউ হয়তো ভুল করে প্যাকেটটি ফেলে গেছেন—এমন ধারণা থেকে সেটি ঘরের ভেতরে নিয়ে আসেন তিনি। পরে মেঝেতে রাখার পরপরই প্যাকেটের ভেতরে থাকা বিস্ফোরকসদৃশ বস্তুটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে আহত অবস্থায় দেখতে পান। বিস্ফোরণে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যাওয়ার পাশাপাশি ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

খবর পেয়ে দিঘলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল এবং কারা কী উদ্দেশ্যে প্যাকেটটি সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধান করা হচ্ছে। প্রাথমিকভাবে এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comment
সর্বশেষ সংবাদ
৩ জনকে নিয়ে এনসিপির নারীশক্তির নতুন কমিটি ঘোষণা

৩ জনকে নিয়ে এনসিপির নারীশক্তির নতুন কমিটি ঘোষণা