জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ সঞ্চালন লাইন সংস্কারের কারণে শনিবার (৩১ অক্টোবর) নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও সিলেটের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে নাটোরের বড়াইগ্রামে ১১ ঘণ্টা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৯ ঘণ্টা এবং সিলেটের কয়েকটি এলাকায় তিন থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে।
শুক্রবার (৩০ অক্টোবর) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও পল্লী বিদ্যুৎ সমিতির পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বড়াইগ্রামে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ এবং সঞ্চালন লাইনের কাছাকাছি গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এ কারণে শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় কালিকাপুর, ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, কায়েম কোলা, খৌদ্দকাচুটিয়া, কুমরুল, বৃকাচুটিয়া, ভবানীপুর, রামাগাড়ি, কামারদহ, আটঘরিয়া, স্লুইস গেট, হাট গোবিন্দপুর ও শেখ পাড়াসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
তবে রক্ষণাবেক্ষণের কাজ কত দ্রুত শেষ হয়, তার ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
শিবগঞ্জে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নেসকো। এতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের টানা ৯ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হবে।
নেসকোর শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী জানিয়েছেন, শিবগঞ্জের ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশে গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য এ সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিলেটে দুই সময়ে বিদ্যুৎ বন্ধ
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, শনিবার মহানগরের বিভিন্ন এলাকায় দুই ধাপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩/১১ কেভি লাকাতুরা উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি ফিডারে জরুরি কাজের জন্য সকাল ৮টা থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় কাকুর্যাপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুলা, বনশ্রী, বাদামবাগিচার আংশিক এলাকা, পাহাড়িকা, বড় বাজার ও লাকাতুরা স্টেডিয়াম ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
একই সময় বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবে লাকাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাদামবাগিচা, খাসদবীর প্রাথমিক স্কুল গলি, রূপসা আবাসিক এলাকা, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, সাহেবের বাজার ও সালুটিকর ঘাটসহ আশপাশের এলাকা।
অন্যদিকে, আম্বরখানাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি আইজিডি ওভারহেড ফিডারে রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ১১টা থেকে টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলা বাগান, প্রভাতী, পূর্ব পীরমহল্লা, পুরো হাউজিং এস্টেট ও ফরিদাবাদ আবাসিক এলাকাসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিপিডিবি জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করা সম্ভব হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো।
