গাজীপুরের শ্রীপুরে বাবাকে পিটিয়ে হত্যার মামলায় পলাতক আনোয়ার হোসেনকে (২৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে গেলে মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে তাঁকে আটক করা হয়। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বাবাকে হত্যার ঘটনার পর থেকে আনোয়ার পলাতক ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তিনি প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে গেলে স্থানীয়রা তাঁকে দেখতে পান। এ সময় পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া করে তাঁকে আটক করেন। পরে একটি নারিকেলগাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাঁকে আদালতে পাঠানোর কথা রয়েছে।
আটকের পর আনোয়ার নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, তাঁর বাবা মারা গেছেন—এ কথা তিনি বিশ্বাস করতে পারছেন না এবং এখনো বাবার কবরও দেখেননি। গত দুই দিন এলাকায় লুকিয়ে ছিলেন বলে দাবি করে তিনি আরও বলেন, সন্তানদের দেখার জন্য বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিলেন।
বাবার মৃত্যুর জন্য তাঁকে দায়ী করার প্রতিবাদ জানিয়ে আনোয়ার বলেন, তাঁর কোনো অপরাধ নেই। তিনি নিজেকে নেশাগ্রস্ত বা অসুস্থ বলেও অস্বীকার করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আনোয়ার। একপর্যায়ে তাঁর বাবা আব্দুস সামাদ (৬০) তাঁকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে আনোয়ার তাঁর বাবার মাথায় ল
