সিলেটের জকিগঞ্জে জমি নিজের নামে লিখে দেওয়ার দাবিতে ছেলের হামলায় গুরুতর আহত মা পিয়ারা বেগম (৬৩) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় আড়াই বছরের শিশুসহ একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন।
নিহত পিয়ারা বেগম জকিগঞ্জ পৌরসভার পঙ্গবট গ্রামের প্রয়াত ফয়জুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত ছেলে সুমন আহমদ (৩২)। ঘটনার পরপরই তাকে নিজের ঘর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, টাকা ও সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত শুক্রবার সুমন তার সৎমা কুটিনা বেগমকে (৪৫) সুপারিগাছের ডাল দিয়ে আঘাত করেন। আঘাতে তার চোখ মারাত্মকভাবে জখম হয়। পরে তাকে চিকিৎসা দেওয়া হয়। হামলার পর কুটিনাকে রক্ষা করতে পিয়ারা বেগম তাকে অন্য ছেলে শাহীন আহমদের ঘরে আশ্রয় দেন।
এর একদিন পর শনিবার রাত ১১টার দিকে সুমন আবার টাকা দাবি করেন এবং বাড়ির জমি তার নামে লিখে দিতে বলেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তিনি পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে পিয়ারা বেগম, কুটিনা বেগম, শাহীন আহমদ (৩৮), তার স্ত্রী শাহানা বেগম (৩২) এবং শিশু ইসরাত জাহান আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মধ্যরাতে পিয়ারা বেগম মারা যান।
পরিবারের ভাষ্য, কয়েক দিন ধরে সুমন টাকার জন্য চাপ দিচ্ছিলেন এবং জমি লিখে দেওয়ার জন্য জোর করছিলেন। তাদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশার টাকা জোগাড় করতেই পরিবারের ওপর নির্যাতন চালাতেন।
এ ঘটনায় বড় ভাই শাহীন আহমদ বাদী হয়ে মামলা করেছেন। মামলায় সুমন ও আরেক ভাই শামীম আহমদকে (৪৭) আসামি করা হয়েছে। শাহীন জানিয়েছেন, তার স্ত্রী ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক, সৎমায়ের চোখের আঘাত গুরুতর।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সুমনকে গ্রেপ্তারের পর রোববার (২৫ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম সরকারের আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পিয়ারা বেগমের মৃত্যুর পর মামলায় হত্যা সংক্রান্ত ধারা যুক্ত করা হবে। প্রাথমিক তদন্তে জমি নিয়ে বিরোধের তথ্য মিলেছে। তার বিরুদ্ধে থানায় আরও মামলা রয়েছে।
