বরিশালের বাবুগঞ্জে ভাড়া বাসা থেকে তাহমিনা বেগম (৬৫) নামে এক নারীর পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার নতুন হাট এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, এক থেকে দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তাহমিনা বেগম উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের মৃত কদম আলী হাওলাদারের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর সন্তানদের ভবিষ্যৎ গড়তে সৌদি আরবে প্রায় ১০ বছর কাজ করেছিলেন তিনি। চার সন্তানকে লালন-পালন করে প্রতিষ্ঠিত করার পর জীবনের শেষ সময়ে বাবুগঞ্জের একটি ভাড়া বাসায় একাই থাকতেন এই নারী।
বাড়ির মালিক আব্দুর বারেক জানান, প্রায় তিন মাস আগে তাহমিনাকে তার বড় ভাই ওই বাসায় ভাড়া রাখেন। এরপর থেকে তিনি একাই সেখানে বসবাস করছিলেন। অসুস্থতার কারণে মাঝেমধ্যে বাজারের বিভিন্ন দোকানে যেতেন। তবে গত দুই দিন তাকে বাইরে দেখা যায়নি।
রবিবার সকালে বাড়ির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রথমে বাড়ির মালিক বিষয়টি গুরুত্ব দেননি। পাশের কোনো কক্ষে ইঁদুর মারা যাওয়ার কারণে এমন গন্ধ হতে পারে বলে ধারণা করেছিলেন তিনি। পরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তাহমিনার কক্ষ থেকে গন্ধ আসার বিষয়টি বুঝতে পারেন।
খবর পেয়ে তাহমিনার বড় ভাই বাসায় আসেন। তিনি কক্ষের দরজা কিছুটা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে বোনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও স্বজনদের বরাতে জানা গেছে, প্রায় ২০ বছর আগে স্বামী কদম আলী হাওলাদারকে হারান তাহমিনা। তখন চার সন্তানকে নিয়ে সংসার চালানোর দায়িত্ব তার ওপর পড়ে। সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে স্বামীর বসতঘর বিক্রি করে সৌদি আরবে যান তিনি। সেখানে প্রায় ১০ বছর কাজ করে উপার্জিত অর্থ দিয়ে সন্তানদের লালন-পালন ও প্রতিষ্ঠিত করেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, তার বড় ছেলে সুমন ঢাকার উত্তরায় বসবাস করেন। সেখানে তার ছয়তলা ভবন ও বৈদ্যুতিক বোর্ড তৈরির কারখানা রয়েছে। ছোট ছেলে আওলাদও ঢাকায় কর্মরত। দুই মেয়ে হিরা ও মুক্তার বিয়ে দিয়েছেন তাহমিনা।
প্রতিবেশী শাহানা বেগম জানান, প্রায় তিন মাস আগে তাহমিনা ওই বাসায় আসেন। তার আগে কয়েকবার স্ট্রোক হয়েছিল বলে তিনি শুনেছেন। তাহমিনার পা প্রায়ই ফুলে থাকত। হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ঠিকমতো খাওয়াদাওয়াও করতেন না। দিনের বেশির ভাগ সময় বাজারের বিভিন্ন দোকানে কাটাতেন।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের বড় ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক থেকে দুই দিন আগে তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
