সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, বিপুল ভারতীয় পণ্য আটক

  • মো:সাকিব চাঁপাইনবাবগঞ্জ
  • 01 Sep, 2026, 01:53 AM
সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, বিপুল ভারতীয় পণ্য আটক ছবি: ডিসিভি
ad
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ আইসিপি চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতীয় পাসপোর্টধারী কয়েকজন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৩৯৭ পিস ভারতীয় কসমেটিকস, ৩ পিস শাড়ি, ৯১ পিস বিভিন্ন ধরনের মলম ও ২৪ পিস কনফেকশনারি সামগ্রী।
বিজিবি সূত্রে জানা যায়, সোনামসজিদ আইসিপি চেকপোস্টে নিয়মিত নজরদারি ও তল্লাশির অংশ হিসেবে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের ব্যাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় নির্ধারিত ব্যাগেজ সুবিধার অতিরিক্ত পণ্য বহনের বিষয়টি নজরে এলে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, বৈধ পাসপোর্টের সুযোগ ব্যবহার করে অতিরিক্ত পণ্য দেশে প্রবেশের চেষ্টা ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। নিয়ম অনুযায়ী মাল্টিপল ভিসায় একজন পাসপোর্টধারী যাত্রী বছরে নির্দিষ্ট সংখ্যকবার ব্যাগেজ সুবিধা পাওয়ার কথা থাকলেও, আটক যাত্রীদের কেউ কেউ এরই মধ্যে ৭ থেকে ৮ বার বাংলাদেশে প্রবেশ করেছেন বলে জানা গেছে।

জব্দ করা পণ্যগুলো প্রচলিত আইন অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চোরাচালানসহ সীমান্তে যেকোনো অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে অভিযান ও নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Comment
সর্বশেষ সংবাদ
৩ জনকে নিয়ে এনসিপির নারীশক্তির নতুন কমিটি ঘোষণা

৩ জনকে নিয়ে এনসিপির নারীশক্তির নতুন কমিটি ঘোষণা