ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

  • মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম
  • 28 Aug, 2026, 03:31 AM
ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার ছবি: ডিসিভি
ad
বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার; হত্যা-চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি কালা মোবারক
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযানে বড় সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি ও চাঁদাবাজ হিসেবে পুলিশের তালিকাভুক্ত মুহাম্মদ মোবারক হোসেন ওরফে কালা মোবারক ওরফে গলাকাটা মোবারকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) ভোররাতে ফটিকছড়ি থানার লেলাং ইউনিয়নের শাহনগর পল্লানপাড়া এলাকায় ওয়াজ পল্লানের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ ও সঙ্গীয় ফোর্স এ অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী মোবারক ও তার সহযোগীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে এবং পুলিশ সদস্য ও সরকারি অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে পুলিশ ও সশস্ত্র দুর্বৃত্তদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

একপর্যায়ে ঘটনাস্থল থেকে কালা মোবারকসহ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পরে তাদের হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত বহুল আলোচিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করা হয়। ইতোমধ্যে ওই হত্যা মামলায় সরাসরি জড়িত আফসার, ধামা ইলিয়াস ও দিদারকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। একই ধারাবাহিকতায় বড় সাজ্জাদ বাহিনীর অন্যতম কমান্ডার ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ বাহিনীটির সঙ্গে সম্পৃক্ত একাধিক ব্যক্তিকেও আইনের আওতায় আনা হয়েছে।

গ্রেফতারকৃত মুহাম্মদ মোবারক হোসেন ওরফে কালা মোবারক ওরফে গলাকাটা মোবারক (৩৭) পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার সিসিটিভি ফুটেজে শনাক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, অভিযানে উদ্ধার হওয়া ৯ এমএম বিদেশি তরাস পিস্তলটি ব্রাজিলের তৈরি এবং প্রাথমিকভাবে এটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার লুট হওয়া সরকারি অস্ত্র বলে তথ্য পাওয়া গেছে। অস্ত্রটি কীভাবে অপরাধীদের হাতে পৌঁছেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ আরও জানায়, কালা মোবারক শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও রায়হানের ঘনিষ্ঠ সহযোগী এবং প্রধান শুটার হিসেবে পরিচিত। অস্ত্র ব্যবহারে সে দক্ষ। ফটিকছড়ির জামাল ও সাদ্দাম হত্যা, রাউজানের মাসুদ হত্যা এবং নগরের সরোয়ার বাবলা হত্যাসহ একাধিক গুরুতর অপরাধের মামলায় তার সম্পৃক্ততার তথ্য রয়েছে। বড় সাজ্জাদের নির্দেশে সংঘটিত বিভিন্ন খুন ও চাঁদাবাজির ঘটনায় মোবারকের উপস্থিতি ও গুলি করার তথ্যও তদন্তে উঠে এসেছে বলে পুলিশ দাবি করেছে।অভিযানে একটি ৯ এমএম বিদেশি তরাস পিস্তল, একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় পিস্তল, ১৮ রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি, পাঁচ রাউন্ড ৭.৬৫ এমএম পিস্তলের গুলি, তিনটি পিস্তলের ম্যাগাজিন, তিনটি পিস্তলের গুলির খোসা এবং চারটি শটগানের গুলির খোসা উদ্ধার করা হয়েছে।গ্রেফতার ব্যক্তিরা হলেন—মুহাম্মদ মোবারক ওরফে কালা মোবারক ওরফে গলাকাটা মোবারক (৩৭), মোহাম্মদ রাইহান ওরফে রায়হান (৪০), মোঃ ফরিদ (৫০) ও মোঃ নাছির (৫২)। তাদের সবাই ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যতই শক্তিশালী বা দুর্ধর্ষ হোক, তাকে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশের অভিযান চলবে।

Comment
ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে ইসি

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে ইসি