বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসমান থাকা একটি মাছ ধরার বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। পরে উদ্ধারকৃত জেলেসহ বোটটি বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট রাতে বঙ্গোপসাগরে নিয়মিত টহলকালে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা কপোতাক্ষ’ একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসমান থাকার তথ্য পায়। এরপর রাতেই উদ্ধার কার্যক্রম শুরু করে নৌবাহিনীর জাহাজটি।
পরদিন ২৪ আগস্ট সকালে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও মোংলা ফেয়ারওয়ে বয়ের কাছে ‘এফবি আল আমিন’ নামের মাছ ধরার বোটটির সন্ধান পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে বোটটিতে থাকা ১৬ জন জেলেসহ সেটিকে উদ্ধার করে নৌবাহিনী। এ সময় জেলেদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উদ্ধারকৃত জেলেদের বরাত দিয়ে নৌবাহিনী জানায়, গত ১৯ আগস্ট বাগেরহাটের শরণখোলা এলাকা থেকে ১৬ জন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ‘এফবি আল আমিন’ নিয়ে সমুদ্রে যান। সমুদ্রে যাওয়ার দুই দিন পর বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর টানা তিন দিন তারা সাগরে ভাসমান অবস্থায় ছিলেন।
পরে উত্তাল সাগর ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই নৌবাহিনী জাহাজ ‘বানৌজা কপোতাক্ষ’ বোটটিকে টেনে সুন্দরবন সংলগ্ন হিরণ পয়েন্ট এলাকায় নিরাপদে নিয়ে আসে। সেখানে বোটসহ ১৬ জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল পরিচালনা করে আসছে। বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে দ্রুত উদ্ধার করে নিরাপদে পৌঁছে দেওয়ার এই অভিযান নৌবাহিনীর দায়িত্বশীলতা ও মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
