চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, সম্মাননা পেল দুই সমবায় সমিতি

  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • 06 Jul, 2026, 08:57 PM
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, সম্মাননা পেল দুই সমবায় সমিতি ছবি: ডিসিভি
ad
"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), চাঁপাইনবাবগঞ্জের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নরুল ইসলাম বুলবুল। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তারা।
পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

 এরপর স্বাগত বক্তব্য, পল্লী উন্নয়ন কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন, সুফলভোগীদের অভিজ্ঞতা বিনিময় এবং অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়। পরে নির্বাচিত উপকারভোগীদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করা হয়।

স্বাগত বক্তব্যে বিআরডিবি, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক আবু হাসান মো. সাঈদ বলেন, গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ মানুষের কাছে পৌঁছে দেওয়াই জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালনের মূল লক্ষ্য।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, খাল পুনঃখনন, ব্যাপক বৃক্ষরোপণ, পরিবার কার্ডসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি দিবসটি সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সমিতির সদস্য এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সমাপনী পর্বে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে রানীনগর কৃষক সমবায় সমিতি ও নামোগ্রাম মহিলা সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথির কাছ থেকে রানীনগর কৃষক সমবায় সমিতির সভাপতি মো. আফসার উল আলম এবং নামোগ্রাম মহিলা সমবায় সমিতির সভাপতি রহিমা আক্তার সম্মাননা গ্রহণ করেন।

এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোসা. সাহিদা আখতার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শহিদুল ইসলাম, বিআরডিবির কর্মকর্তা মো. ইয়াসিন আলী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সরকারি কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Comment
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, দাঁড়িয়

যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, দাঁড়িয়