বায়ুদূষণে বিশ্বের চতুর্থ অবস্থানে ঢাকা, বাতাস সবচেয়ে দূষিত যেসব এলাকায়

  • মানিটাইমস প্রতিবেদক:
  • 26 Oct, 2026, 07:52 PM
বায়ুদূষণে বিশ্বের চতুর্থ অবস্থানে ঢাকা, বাতাস সবচেয়ে দূষিত যেসব এলাকায়
ad


বায়ুদূষণের কারণে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সোমবার (২৬ অক্টোবর) সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৮, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একই সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায়ও বায়ুদূষণের মাত্রা ছিল উদ্বেগজনক।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সোমবার সকালে বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে শীর্ষে ছিল ভারতের দিল্লি। শহরটির একিউআই স্কোর ছিল ২০০। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর ও করাচি, যাদের স্কোর যথাক্রমে ১৯৯ ও ১৭৫।

রাজধানীর বিভিন্ন এলাকার মধ্যে গুলশান লেক পার্কে বায়ুমান সূচক ছিল ১৯৪। বারিধারা লেক সাইডে ১৮৫, উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ এলাকায় ১৮৩, পুরান ঢাকার বেচারাম দেউড়িতে ১৭৭ এবং মিরপুরের দক্ষিণ পল্লবীতে ১৭২ স্কোর রেকর্ড করা হয়।

এ ছাড়া বারিধারা পার্ক রোডে একিউআই স্কোর ছিল ১৬৯, মিরপুরের সাগুপ্তায় ১৬৭, ইস্টার্ন হাউজিংয়ে ১৬৫ এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় ১৪৭।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাসকে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ৩০১ থেকে ৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ বলা হয়।

বায়ুদূষণের এমন পরিস্থিতিতে আইকিউএয়ার রাজধানীবাসীকে জানালা বন্ধ রাখা এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। বায়ুর মান খুব অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছালে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

Comment
সর্বশেষ সংবাদ
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে

উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে