গুলশানে পরীমনির গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

  • অনলাইন ডেস্ক:
  • 09 Nov, 2026, 10:26 AM
গুলশানে পরীমনির গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ad
রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় চিত্রনায়িকা পরীমনির গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। একই সঙ্গে অনুষ্ঠানস্থলে স্টল ভাঙচুরের অভিযোগও করেছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ করেন পরীমনি। তাঁর দাবি, পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত। অনুষ্ঠানে নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে না পারলেও দর্শকেরা তাঁর পরিবেশনা উপভোগ করেছেন। তবে অনুষ্ঠান শেষ হওয়ার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ফেসবুক লাইভে পরীমনি বলেন, “পুরো প্রোগ্রাম শেষ হওয়ার পরে একজন আওয়াজ তুলল। অ্যাটাকিং মোডে আওয়াজ তুলল।” তাঁর ভাষ্য, কারও কোনো ক্ষোভ থাকলে তাঁর সঙ্গে সরাসরি কথা বলা উচিত ছিল। কিন্তু অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তিনি গাড়িতে উঠতেও পারেননি। পরে বাধ্য হয়ে থানায় ফোন করেন।

পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তাঁর ভাষায়, গুলশান থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকার পরও তাঁকে সেখান থেকে বের হতে সহায়তা করতে পারছিল না। পরে অতিরিক্ত পুলিশ ডাকা হয়। তিনি বলেন, “গুলশান থানা পুলিশ এখানে থাকার পরেও তারা আমাকে বের করতে পারতেছিল না, অতিরিক্ত পুলিশ তারা কল করে। তাহলে দেশটা কার হাতে।”

ঘটনার জন্য দায়ীদের সমালোচনা করে পরীমনি তাঁদের বিরুদ্ধে ‘ইয়েলো জার্নালিজম’ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন। শিল্পীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর প্রশ্ন, “কোথায় এই দেশের নিরাপত্তা। আমি তাহলে ঘোমটা পরেই থাকি, এই করব।”

এদিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, “একটা সমস্যা হয়েছিল। পরীমনি চলে গেছেন। আর কোনো ঝামেলা হয়নি।” তিনি জানান, গুলশান শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলছিল। রোববার ছিল এর শেষ দিন। তবে পরীমনির গাড়ি কিংবা স্টল ভাঙচুরের বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। তাঁর ভাষ্য, পরীমনি সুস্থভাবে ফিরে গেছেন।

এর আগে কয়েক দিন আগে একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর এক সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার অভিযোগে আলোচনায় আসেন পরীমনি।

Comment
সর্বশেষ সংবাদ
22 NCP leaders named in Chatra Dal case4

22 NCP leaders named in Chatra Dal case4