আগামী ২ নভেম্বর ৬১ বছরে পা দেবেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তবে এবারের জন্মদিনে মুম্বাইয়ের ‘মান্নাত’-এর বারান্দায় এসে ভক্তদের সঙ্গে তাঁর ঐতিহ্যবাহী দেখা-সাক্ষাতের আয়োজন না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
ইয়নের এক প্রতিবেদন অনুযায়ী, জন্মদিনে শাহরুখ ভারতে থাকছেন না। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, নিজের আগামী সিনেমা ‘কিং’-এর শুটিংয়ের কাজে দেশের বাইরে থাকবেন এই অভিনেতা। সিনেমাটির একটি গানের শুটিংয়ের জন্য তাঁর লন্ডনে যাওয়ার কথা রয়েছে। সেখানেই কাটতে পারে তাঁর ৬১তম জন্মদিন।
এর আগে মুম্বাইয়ে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘কিং’ সিনেমার একটি গানের শুটিংয়ে ব্যস্ত ছিলেন শাহরুখ। এবার শুটিংয়ের পরবর্তী অংশের জন্য লন্ডনে পাড়ি জমাবেন তিনি। তবে জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা না হওয়ার খবরটি এখনো সংবাদমাধ্যমের প্রতিবেদননির্ভর। এ বিষয়ে শাহরুখের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
জন্মদিনের আগে অবশ্য ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছেন শাহরুখ। গত ২৭ অক্টোবর প্রকাশ করেছেন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টার। পোস্টারে আগুনের আবহে দেখা গেছে শাহরুখের চরিত্রকে। ঠোঁটে গোলাপ নিয়ে তাঁর উপস্থিতি রহস্যের পাশাপাশি রোমান্টিকতারও ইঙ্গিত দেয়।
পোস্টারটি প্রকাশের সময় অভিনেতা লিখেছেন, ‘আজ ফির ইয়াদ আয়া... কাতিল নেহি, আশিক হুঁ।’ এর বাংলা অর্থ, ‘আবার মনে পড়ল... খুনি নই, প্রেমিক আমি।’ এই সংলাপ ‘বাদশাহ’ সিনেমার জনপ্রিয় গানের স্মৃতিও ফিরিয়ে এনেছে।
আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘কিং’ সিনেমার। ‘ভ্যারাইটি ইন্ডিয়া’র তথ্য অনুযায়ী, ২০০৭ সালের ‘ওম শান্তি ওম’ সিনেমার জনপ্রিয় ‘দিওয়াঙ্গি দিওয়াঙ্গি’ গানের আদলে তারকাখচিত একটি গানের পরিকল্পনা করা হয়েছে নতুন এই সিনেমায়।
