সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ছুটি ঘোষণা ৫০ পোশাক কারখানায়

  • মানিটাইমস প্রতিবেদক
  • 11 Nov, 2026, 04:18 PM
সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ছুটি ঘোষণা ৫০ পোশাক কারখানায়
ad
শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। বুধবার সকালে কয়েকটি এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে সাভারের হেমায়েতপুর এবং আশুলিয়ার জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সকাল ৮টার দিকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। তবে কিছুক্ষণ পরই তারা কর্মবিরতি শুরু করেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে কয়েকশ শ্রমিক বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় জড়ো হন।

শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর পরপরই আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এদিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায়ও শ্রমিকদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। সেখানে পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড ও ম্যাক্সকম ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকরা জড়ো হয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সকালে বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের সেখানে থাকতে দেয়নি।

তবে শ্রমিক অসন্তোষের কারণ এবং পরিস্থিতির পরবর্তী অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Comment
22 NCP leaders named in Chatra Dal case4

22 NCP leaders named in Chatra Dal case4