সারাদেশে আজ বুধবার থেকে টানা চার দিন গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে জ্বালানি তেল ও গ্যাস সরবরাহকারী রাষ্ট্রীয় সংস্থা পেট্রোবাংলা। তবে গ্রাহকদের আশ্বস্ত করে সংস্থাটি পরিষ্কার জানিয়েছে যে, এই সময়ে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকার কোনো আশঙ্কা বা সুযোগ নেই।
পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট, যার বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে আড়াই হাজার মিলিয়ন ঘনফুটের মতো। ফলে প্রতিদিন প্রায় ১ হাজার ৩০০ এমএমসিএফডি গ্যাসের ঘাটতি থাকছে, যার একটি বড় অংশ পূরণ হয় আমদানীকৃত এলএনজি দিয়ে।
যুক্তরাষ্ট্রের কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’ এবং দেশীয় ‘সামিট এলএনজি’র ভাসমান টার্মিনালের মাধ্যমে এই আমদানীকৃত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। সাধারণত গত বছর ডিসেম্বরে রক্ষণাবেক্ষণের কাজ হলেও এবার নভেম্বরের শুরুতেই সামিট এলএনজির টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে।
শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে আরও দুদিন যুক্ত হওয়ায় এই কার্যক্রমে মোট চার দিন সময় লাগবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। এর ফলে সামিট টার্মিনাল থেকে প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ সাময়িকভাবে কমবে।
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স) মো. শোয়েব জানান, মোট সরবরাহের মাত্র ৩২০ মিলিয়ন ঘনফুট গ্রিড থেকে কমলেও জাতীয় গ্রিডে তখনো ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সচল থাকবে। তবে এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ অনুভূত হতে পারে।
এর আগে গত ১ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার থেকে শনিবার পর্যন্ত চার দিন গ্যাসের চাপ কম থাকার কথা জানিয়েছিল পেট্রোবাংলা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকার যে গুজব ছড়িয়েছে, তাতে কান না দিয়ে গ্রাহকদের আতঙ্কিত বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজ শেষ হবে কি না—এমন প্রশ্নের জবাবে পেট্রোবাংলার এই কর্মকর্তা জানান, গ্যাস সম্পূর্ণভাবে লাইনে ফিরে না আসা পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সময় বলাটা কিছুটা কঠিন। তবে দেশে গ্যাসের সার্বিক উৎপাদন বাড়াতে বর্তমান সরকার কার্যকর সব উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
