বাইন্যান্স থেকে ৭৮ হাজার কোটি টাকা হ্যাক, ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো চুরি

  • আন্তর্জাতিক ডেস্ক :
  • 31 Oct, 2026, 06:20 AM
বাইন্যান্স থেকে ৭৮ হাজার কোটি টাকা হ্যাক, ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো চুরি
ad
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রায় ৬৩০ কোটি ডলার (প্রায় ৭৮ হাজার কোটি টাকা) হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। বিশ্লেষকদের ভাষায়, এটি ক্রিপ্টো ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় চুরির ঘটনা।

চুরির বিষয়টি প্রকাশ্যে আসার পর গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে জমা ও উত্তোলন সাময়িকভাবে বন্ধ রাখে চীনা বংশোদ্ভূত কানাডিয়ান ধনকুবের চাংপেং ঝাওয়ের প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে বাইন্যান্স জানায়, ব্যবহারকারীদের তহবিল সুরক্ষিত আছে এবং সব ক্ষতি তারা পুষিয়ে দেবে।

যুক্তরাষ্ট্রের দুটি ব্লকচেইন বিশ্লেষণ সংস্থা দাবি করেছে, এই হামলার সূত্রপাত উত্তর কোরিয়া থেকে।

কীভাবে ঘটল?

বাইন্যান্স লেনদেন প্রক্রিয়ার জন্য যে ওয়ালেট ব্যবহার করে, সেখান থেকেই ওই বিপুল অর্থ সরানো হয়। এক্স-এ প্রকাশিত বিবৃতিতে প্রতিষ্ঠানটি প্রথমে জানায়, এক কর্মীর ল্যাপটপ হ্যাক করার মাধ্যমে ঘটনাটি ঘটেছে। তবে পরে তারা যোগ করে, আরও তদন্তে নতুন কিছু ত্রুটি ধরা পড়েছে।

প্রতিষ্ঠানের ওয়েবসাইট অনুযায়ী, নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় গ্রাহকদের সুরক্ষায় ১ বিলিয়ন ডলারের বিটকয়েন রিজার্ভের একটি তহবিল পরিচালনা করে বাইন্যান্স। কো-সিইও রিচার্ড টেং জানান, ওই তহবিল ও কোম্পানির নিজস্ব সম্পদ থেকে সব ক্ষতি পূরণ করা হবে।

মার্কিন ব্লকচেইন অ্যানালিটিক্স ফার্ম টিআরএম ল্যাবসের তথ্যমতে, বাইন্যান্সের সাইনিং স্ট্রাকচারের নিয়ন্ত্রণ নিয়ে ওয়ালেটগুলো খালি করে দেয় হ্যাকাররা। ব্লকচেইন রেকর্ড বলছে, চুরির সিংহভাগ সম্পন্ন হয় মাত্র ২০ মিনিটে।

তহবিল সরানোর পরপরই বাইন্যান্সের পার্টনার ও স্টেবলকয়েন প্রদানকারীদের নাগালের বাইরে তা নিতে মরিয়া হয়ে ওঠে হ্যাকাররা। ইতোমধ্যে চুরি যাওয়া সম্পদের প্রায় অর্ধেক ফ্রিজ করা হয়েছে।

হংকংয়ে ক্রিপ্টো মামলা নিয়ে কাজ করা আইনজীবী জশুয়া চু রয়টার্সকে বলেন, সহজ ভাষায় হ্যাকাররা হয়তো ভল্টের চাবি চুরি করেনি; বরং যে সিস্টেম ভল্টকে টাকা ছাড়ের নির্দেশ দেয়, সেই ব্যবস্থাটিকেই তারা হাইজ্যাক করেছে।

কারা জড়িত?

যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্লকচেইন বিশ্লেষণ প্রতিষ্ঠান জানিয়েছে, এই হামলার সঙ্গে উত্তর কোরিয়ার হ্যাকারদের আগের অভিযানগুলোর মিল আছে। তবে টেং জানান, বাইন্যান্সের তদন্তে এখনও হামলাকারীদের শনাক্ত করা যায়নি।

উত্তর কোরিয়া নিয়মিতভাবে সাইবার হামলা ও ক্রিপ্টোকারেন্সি চুরির অভিযোগ অস্বীকার করে আসছে। এ বিষয়ে মন্তব্য চাইলে জেনেভায় উত্তর কোরিয়ার মিশন ও চীনে দেশটির দূতাবাস রয়টার্সকে তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি।

টাকা কোথায়?

চুরি যাওয়া সম্পদের প্রায় অর্ধেক ছিল স্টেবলকয়েন। পরবর্তীতে টেথার, সার্কেল, রিপল এবং ট্রাম্প পরিবারের ক্রিপ্টো ভেঞ্চার ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সসহ বিভিন্ন ইস্যুকারী প্রতিষ্ঠান সেগুলো ফ্রিজ করেছে। এতে বাইন্যান্স সরাসরি কয়েন ফেরত পাবে না, তবে হ্যাকারদের জন্য সেই কয়েন নগদে রূপান্তরের পথ কঠিন হয়ে পড়েছে।

ক্রিপ্টো বিশেষজ্ঞদের মতে, হ্যাকাররা অর্থ সরাতে চুরি যাওয়া কয়েন অন্য সম্পদের সঙ্গে মিশিয়ে ফেলতে পারে, কিংবা কম পরিচিত কয়েন ও এক্সচেঞ্জ ব্যবহার করতে পারে।

স্টেবলকয়েন কোম্পানি ট্রেস ফাইন্যান্সের সিইও বার্নার্ডো ব্রিটস বলেন, যত সময় গড়াবে, অন্য কোনো এক্সচেঞ্জ বা পেমেন্ট প্রোভাইডারের কাছে ওই তহবিল সরানোর সম্ভাবনা তত কমবে, কারণ তখন সেগুলো কালোতালিকাভুক্ত হয়ে যাবে। বাস্তবে হ্যাকিংয়ের অর্থের বড় একটি অংশ কেবল প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই পাচার করা সম্ভব।

এরপর কী?

টিআরএম ল্যাবসের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ১৫০টি সাইবার হামলায় ২৯০ কোটি ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছিল হ্যাকাররা।

নতুন এই হামলার পর ক্রিপ্টো খাতে মানুষের আস্থা কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবারই (৩০ অক্টোবর) ক্রিপ্টোকারেন্সির দাম কমেছে এবং স্টেবলকয়েনের বাজারমূল্যও নেমেছে। অর্থাৎ, বিনিয়োগকারীরা দ্রুত ডিজিটাল সম্পদ থেকে অর্থ তুলে নিচ্ছেন।

Comment
সর্বশেষ সংবাদ
মোংলায় ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোংলায় ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন