ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদারের দিকনির্দেশনায় ট্রাফিক মিরপুর বিভাগ ও সংশ্লিষ্ট থানার সদস্যরা।
হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকেরা মিরপুর ১০ নম্বর এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।
