দেশে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ উদ্যোগের অংশ হিসেবে আগামী ১ নভেম্বর থেকে রেস্তোরাঁ, বেকারি ও ক্যাটারিং প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আবেদন করতে হবে। পাশাপাশি নির্ধারিত শর্ত ও ফি অনুযায়ী কিছু খাদ্য উৎপাদনকারী ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানকে লাইসেন্স নিতে হবে।
যমুনা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাস্তার পাশের পিঠাপুলি ও ভাজাপোড়ার দোকান থেকে শুরু করে বিভিন্ন খাদ্য ব্যবসাকে পর্যায়ক্রমে নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণভাবে খাবার বিক্রি করছেন মিজানুর রহমান। তবে নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে তিনি অবগত নন বলে জানিয়েছেন।
মিজানুর রহমান বলেন, ‘নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কেউ আসে নাই, আলোচনাও হয় নাই।’
নির্ধারিত বিধান অনুযায়ী, খাদ্যপণ্য উৎপাদনকারী, আমদানিকারক ও বড় খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানকে শর্তসাপেক্ষে লাইসেন্স নিতে হবে। এসব লাইসেন্সের মেয়াদ হবে তিন বছর। মেয়াদ শেষ হলে তা নবায়ন করতে হবে।
তবে রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে তাঁদের মধ্যেও স্পষ্ট ধারণার অভাব রয়েছে। এদিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম পর্যায়ে বড় ও মাঝারি আকারের স্থায়ী খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোকে এ ব্যবস্থার আওতায় আনা হবে। পরে পর্যায়ক্রমে অস্থায়ী খাদ্য বিক্রেতাদেরও অন্তর্ভুক্ত করা হবে।
ভ্রাম্যমাণ খাবারের দোকান ও রেস্তোরাঁগুলোকে কীভাবে নিবন্ধনের আওতায় আনা হবে এবং এ ক্ষেত্রে কী কী বিধান কার্যকর থাকবে, সেসব বিষয়ে এখনো আলোচনা চলছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপের তথ্য অনুযায়ী, দেশে স্থায়ী হোটেল ও রেস্তোরাঁর সংখ্যা ৪ লাখ ৩০ হাজারের বেশি। অন্যদিকে, অস্থায়ী ও অনানুষ্ঠানিক খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।
