প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর, ২০২৬ || প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬
বরিশালে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে যুবলীগ-ছাত্রলীগের ৭ জন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের পরিবারের দাবি, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াতে গিয়েছিলেন। তবে আটকের কারণ সম্পর্কে পুলিশ বিস্তারিত জানায়নি।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। সলিল গুহ পিন্টু উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই। আটক অপর ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সৈকত গুহ পিকলু জানান, তাদের বাড়িতে লক্ষ্মীপূজার আয়োজন চলছিল। এ উপলক্ষে কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। রোববার সন্ধ্যার আগে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক বাড়িতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, পরে ওই ব্যক্তিরা পূজার অনুষ্ঠানে দাওয়াতে আসা ছয়জন এবং তার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।
তবে কী অভিযোগে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশ বিস্তারিত তথ্য জানায়নি।
Copyright © 2026 Daily Money Times. All Rights Reserved.