প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর, ২০২৬ || প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৬
ডিআইজির বাড়িতে অসামাজিক কার্যকলাপে উদ্বেগ প্রকাশ করলেন জামায়াত আমির

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে অসামাজিক কার্যকলাপের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। বিরোধীদলীয় নেতা হিসেবেও পরিচিত ডা. শফিকুর রহমান পোস্টে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান।
পোস্টে তিনি লেখেন, বাংলাদেশ পুলিশে কর্মরত একজন ডিআইজির মালিকানাধীন একটি বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
একই সঙ্গে বাসা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য (মাদক) উদ্ধার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ ঘটনা থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বোঝা যায় বলে তিনি মনে করেন।
তিনি আরও লেখেন, দেশের সর্বত্র আইনশৃঙ্খলা বিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজির মহোৎসব, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে।
জামায়াত আমির বলেন, ‘স্বয়ং পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের অপকর্ম সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে। গ্যাস-বিদ্যুতের সমস্যাও তো রয়েছেই।’
জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধীদলের চরিত্র হননে ব্যস্ত বলেও অভিযোগ করেন তিনি। পোস্টের শেষে তিনি লেখেন, ‘হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ! তরুণদের আরেকবার জাগতে হবে।’
Copyright © 2026 Daily Money Times. All Rights Reserved.