হরমুজে তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণ, ২৫ নাবিক উদ্ধার

  • আন্তর্জাতিক ডেস্ক
  • 31 Oct, 2026, 08:45 PM
হরমুজে তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণ, ২৫ নাবিক উদ্ধার
ad


হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওমানের নৌবাহিনীর বরাতে আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, একই ধরনের হামলার পর আগুন ধরা একটি বাণিজ্যিক জাহাজ থেকে ২৫ জন নাবিককে সরিয়ে নেওয়া হয়েছে।

রয়টার্সের বরাতে এনডিটিভি জানায়, ছোট একটি নৌযান থেকে এমটি লুইস-১ নামের ট্যাংকারটির গায়ে দুটি লিম্পেট মাইন লাগানো হয়। বিস্ফোরণে ইঞ্জিনকক্ষে আগুন ছড়িয়ে পড়ে, তবে ক্রুরা তা নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর ট্যাংকারটি আবার যাত্রা শুরু করে।

ব্রিটিশ নৌবাহিনীর সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমানের খাসাব শহরের উত্তর-পূর্বে প্রায় ৪৬ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। ওমানের নৌবাহিনীর তথ্য অনুযায়ী, জাহাজটি মুসান্দাম উপকূল থেকে ১ দশমিক ৬ নটিক্যাল মাইল দূরে ছিল।

হামলায় আহত একজন নাবিককে খাসাব হাসপাতাল থেকে মাসকাটের খাওলা হাসপাতালে নেওয়া হয়। ওমানের সামরিক বাহিনীর নৈতিক নির্দেশনা অধিদপ্তর জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দেশটির বিমানবাহিনী আহত নাবিককে আকাশপথে সরিয়ে নেয়। এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

হামলার পর জাহাজের অবস্থা নিয়ে রয়টার্স ও ওমানের বিবরণে পার্থক্য রয়েছে। রয়টার্স বলছে, আগুন নেভানোর পর ট্যাংকারটি যাত্রা অব্যাহত রাখে; অন্যদিকে ওমানের নৌবাহিনী ২৫ নাবিককে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর কৌশলগত এই জলপথে লিম্পেট মাইন ব্যবহারের প্রথম সফল ঘটনা এটি। রয়টার্স জানায়, ২০১৭ সালে প্রথম এ অঞ্চলে লিম্পেট মাইন ব্যবহারের ঘটনা ঘটে এবং পরবর্তী বছরগুলোতে হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করেও এ ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।

গ্রিসভিত্তিক সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মেরিস্কস রয়টার্সকে বলেছে, লিম্পেট মাইন সস্তা ও সহজলভ্য। চলাচলরত জাহাজের গায়ে ছোট নৌযান থেকে এ ধরনের মাইন লাগানোর পদ্ধতি কম খরচের, প্রযুক্তিগতভাবে সহজ এবং অত্যন্ত কার্যকর।

Comment
সর্বশেষ সংবাদ