১০০০ গ্রেপ্তার, প্যারিসে কাঁদানে গ্যাসে উত্তপ্ত রাজপথ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • 25 Oct, 2026, 01:14 PM
১০০০ গ্রেপ্তার, প্যারিসে কাঁদানে গ্যাসে উত্তপ্ত রাজপথ
ad
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতির প্রতিবাদে ২৪ অক্টোবর শনিবার ফ্রান্সজুড়ে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। দিনভর শান্তিপূর্ণ কর্মসূচির পর রাতে প্যারিসসহ কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ঘটনায় প্রায় ১ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে শনিবারের বিক্ষোভে অংশ নেন প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ। শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, সংখ্যা প্রায় ৮ লাখ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয় এবং কয়েকটি শহরে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়।

দিনের বড় অংশ শান্তিপূর্ণ থাকলেও পরে উত্তেজনা বাড়ে। প্যারিসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। মার্সেইয়ে সড়কে ব্যারিকেডে আগুন দেওয়া হয় এবং ধাতব পাত দিয়ে অবরোধ করা হয়। বোর্দোতে একটি দোকানের কাঠের পাটাতন খুলে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হয়।

লিয়ঁতে নিষিদ্ধ ঘোষিত এলাকায় জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের গ্রেনেড ব্যবহার করা হয়। সেখানে এক বিক্ষোভকারী জানান, তাদের দলে প্রায় ১৫০ জন ছিলেন, বেশির ভাগ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তুলুজ ও ক্লেরমঁ-ফেরঁ শহরে ২ জন গুরুতর আহত হয়েছেন বলে মন্ত্রী জানিয়েছেন।

প্যারিসে পোর্ট দিতালি থেকে পোর্ট দ্য ভিনসেন পর্যন্ত মিছিলের শেষ দিকে কয়েকজন অস্থায়ী ব্যারিকেড তৈরি করেন এবং পুলিশকে লক্ষ্য করে বস্তু নিক্ষেপ করেন। মুখোশ পরা কয়েকজন একটি গাড়ির শোরুমের জানালা ভাঙচুর করলে পুলিশ লাঠিচার্জ করে। অভিযানে সংগঠিত অপরাধ দমন ও সন্ত্রাসবাদ মোকাবিলায় কাজ করা বিশেষায়িত পুলিশ ইউনিট অংশ নেয়।

স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, মিছিলের পেছনে কয়েক হাজার কট্টরপন্থি কর্মী জড়ো হয়েছিলেন, তাদের মধ্যে প্রায় ৫০০ জনকে দাঙ্গায় অংশ নেওয়া ব্যক্তি হিসেবে শনাক্ত করা হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ঘোষণা দেন, স্বীকৃত শ্রমিক ইউনিয়নের আয়োজিত বিক্ষোভই অনুমোদন পাবে। সাম্প্রতিক দিনগুলোতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে দ্রুত বিচারে কয়েকশ মানুষকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সপ্তাহান্তে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষের বিক্ষোভে ২ হাজারের বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতি কয়েকশ মিলিয়ন ইউরো বলে বাণিজ্য চেম্বারের সংগঠন সিসিআই জানায়।

এদিন ইউরোপের আরও কয়েকটি শহরে বিক্ষোভ হয়। বার্সেলোনায় শিক্ষার্থীদের বিক্ষোভ সহিংস হওয়ায় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিরানা ও ব্রাসেলসে কাঁদানে গ্যাস ব্যবহারের খবর এসেছে। মিলানে সহিংসতার আশঙ্কায় পুলিশের পাশাপাশি শত শত সেনা মোতায়েন করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহের তুলনায় এবার বড় ধরনের দাঙ্গা, লুটপাট ও ভাঙচুর অনেকটা এড়ানো গেছে, তবে গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে।

Comment
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, দাঁড়িয়

যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, দাঁড়িয়