সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রয়টার্সের বরাতে জানা গেছে, হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ধারাবাহিক হামলার ঘটনা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে একই দিনে সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা ড্রোন প্রতিহত করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এ ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়।
এ পরিস্থিতিতে সৌদি আরবে হুতিদের সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় নিরাপত্তা সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।
প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার ঘটনায় এ পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।
তবে বিমানবন্দরে হামলার সঙ্গে শায়বাহ তেলক্ষেত্রের ঘটনাগুলোর যোগসূত্র এবং পৃথক ঘটনাগুলোর বিস্তারিত দায় সম্পর্কে প্রতিবেদনে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।
