নোয়াখালীতে জমি বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

  • নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:
  • 09 Nov, 2026, 10:31 AM
নোয়াখালীতে জমি বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১
ad
নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শহীদুল ইসলাম মোনা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভগ্নিপতি আবদুল্লাহ আল মামুনও ছুরিকাঘাতে আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের করইতলা গ্রামের নাদু মুহুরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শহীদুল ওই বাড়ির আব্দুল খালেক ভুলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে একই বাড়ির কয়েকজনের সঙ্গে শহীদুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিজস্ব জমিতে সীমানাপ্রাচীর ভাঙতে গেলে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শহীদুল ও তাঁর ভগ্নিপতি আবদুল্লাহ আল মামুনকে ছুরিকাঘাত করা হয়।

নিহতের স্বজন মো. সোহেল জানান, নিজস্ব জমিতে সীমানাপ্রাচীর ভাঙতে গেলে শহীদুল ইসলাম বাধা দেন। এ সময় তাঁকে ও তাঁর ভগ্নিপতিকে ছুরিকাঘাত করা হয়। পরে শহীদুলকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত আবদুল্লাহ আল মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে একই বাড়ির আরমান হোসেন রিমন, আবুল হোসেন ও মো. আবুল কাশেমের নাম জানিয়েছেন স্থানীয়রা।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

Comment
মিয়ানমারে পাচারের আগে ১৫ টন ইউরিয়া সার জব্দ, চালক আটক

মিয়ানমারে পাচারের আগে ১৫ টন ইউরিয়া সার জব্দ, চালক আটক