মিয়ানমারে পাচারের আগে ১৫ টন ইউরিয়া সার জব্দ, চালক আটক

  • ডেস্ক রিপোর্ট:
  • 07 Nov, 2026, 09:02 AM
মিয়ানমারে পাচারের আগে ১৫ টন ইউরিয়া সার জব্দ, চালক আটক
ad
নরসিংদীর ঘোড়াশাল থেকে ইউরিয়া সার বোঝাই ট্রাকটি এসেছিল চট্টগ্রামের মিরসরাইয়ে। সেখান থেকে বঙ্গোপসাগর পেরিয়ে মিয়ানমারে সার পাচারের পরিকল্পনা ছিল বলে জানিয়েছে পুলিশ। তবে শুক্রবার রাতে জোরারগঞ্জ থানা পুলিশের অস্থায়ী চেকপোস্টে ট্রাকটি আটকে যায়। এ সময় ৩০০ বস্তায় থাকা ১৫ টন ইউরিয়া সার জব্দ করা হয়।

এ ঘটনায় ট্রাকচালক মেহেদী হাসান রোমনকে (২৫) আটক করেছে পুলিশ। জব্দ করা ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১৫-৮৫০১। উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।

পুলিশ জানায়, শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মিরসরাইয়ের বঙ্গোপসাগরকে সার পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। আটক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে একই স্থানে অভিযান চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ট্রাক জব্দ করেছিল জোরারগঞ্জ থানা পুলিশ।

Comment
সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে ইসি

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে ইসি