টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, ৫৭ জিম্মি উদ্ধার

  • অনলাইন ডেস্ক:
  • 06 Nov, 2026, 12:22 PM
টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, ৫৭ জিম্মি উদ্ধার
ad
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলিতে মো. তিতাস শেখ (২৭) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৫৭ জন জিম্মিকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে চক্রের পাঁচ সদস্যকে। অভিযানে একটি পিস্তল, একটি দেশীয় বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আইএসপিআর জানায়, ওই এলাকায় ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র দল প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রেখেছিল। এ তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল অভিযান পরিচালনা করে।

যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে সেনাসদস্য মো. তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরে তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয় তাঁকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Comment
সর্বশেষ সংবাদ
ডিভি লটারি ফের চালু, বাংলাদেশিদের অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়ত

ডিভি লটারি ফের চালু, বাংলাদেশিদের অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়ত