রেলের জমিতে ১৮ তলা টাওয়ার: নির্মাণ বন্ধের নির্দেশ, নকশা বাতিলের চিঠি

  • ময়মনসিংহ প্রতিনিধি
  • 05 Nov, 2026, 08:34 PM
রেলের জমিতে ১৮ তলা টাওয়ার: নির্মাণ বন্ধের নির্দেশ, নকশা বাতিলের চিঠি
ad
ময়মনসিংহে রেলওয়ের জমি দখল করে ১৮ তলা এলিট টাওয়ার নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে ভবনটির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে ভবনটির অনুমোদিত নকশা বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. এরশাদ উদ্দিন।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে নগরের মিন্টু কলেজ এলাকায় সরেজমিনে জমি পরিমাপ করেন তিনি। এ সময় দেখা যায়, সড়কসংলগ্ন রেলওয়ের প্রায় ১৩ ফুট জায়গা এলিট টাওয়ারের সীমানার মধ্যে পড়েছে। এরপরই ভবনটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।

রেলওয়ের অনুমতি ছাড়া নির্মাণকাজ চালু হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এই কর্মকর্তা। পাশাপাশি রেললাইনের পাশে বহুতল ভবন নির্মাণের অনুমোদনের আগে রেলওয়ে কর্তৃপক্ষের মতামত নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়ার কথাও জানান তিনি।

এদিকে একই দিন দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়ার নেতৃত্বে নির্মাণাধীন এলিট টাওয়ারে অভিযান চালানো হয়। রেলওয়ের জমি দখল করে প্রভাবশালী একটি সিন্ডিকেট ভবনটির নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. এরশাদ উদ্দিন বলেন, রেলওয়ের জমিতে কোনো ধরনের বহুতল ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সরেজমিনে এসে দেখা গেছে, রেলওয়ের জায়গার মধ্যে ১৮ তলা এলিট টাওয়ার নির্মাণের কাজ চলছে। তাই কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করে কাজ চালু করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে ভবনটির ডেভেলপার ও নগরের মুসলিম গার্লস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিনের দাবি, নিয়ম মেনেই ১৮ তলা ভবন নির্মাণের অনুমোদন নেওয়া হয়েছে। এতে ১০৫ জন শেয়ারহোল্ডার রয়েছেন। রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে আপাতত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন তাঁরা।

জানা গেছে, ২০২০ সালে গণপূর্ত বিভাগ থেকে ১৮ তলা ভবন নির্মাণের নকশা অনুমোদন নেওয়া হয়। তবে দীর্ঘদিন পর সম্প্রতি ভবনটির নির্মাণকাজ শুরু হয়। এরই মধ্যে নকশা অনুমোদনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। ডেভেলপার জালাল উদ্দিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নকশা অনুমোদনে অনিয়মের অভিযোগ রয়েছে।

Comment
সর্বশেষ সংবাদ
ককটেল বিস্ফোরণ ও আগুনে আতঙ্ক ছড়াচ্ছে সংগঠিত গ্রুপ: ডিএমপি

ককটেল বিস্ফোরণ ও আগুনে আতঙ্ক ছড়াচ্ছে সংগঠিত গ্রুপ: ডিএমপি