ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এতে সাড়ে চারশতাধিক বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার অপরাজয় ৭১ এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় বিজিবি।
বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ মিয়া এক সংবাদ সম্মেলনে জানান, ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি উপজেলার বাইশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত এলাকায় বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বিজিবির কে-৯ ডগ ইউনিটও নির্বাচনে দায়িত্ব করবে।
তিনি আরও বলেন, ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্নে শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এই মোতায়েন। একই সঙ্গে সব প্রার্থী যেন সমান সুযোগ পায় এবং নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে বিজিবি।
নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক ও প্রস্তুত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
