চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর (প্রায় ৪৫) মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে রহনপুর পৌর কলেজ গেটসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ৭৭ আপ ‘রহনপুর কমিউটার’ ট্রেনটি রহনপুর স্টেশনে প্রবেশের সময় রেললাইনে থাকা ওই নারী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলটি রহনপুর রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে।
রহনপুর স্টেশনের সহকারী মাস্টার মানসুরা খাতুন জানান, ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে শোনা গেলেও বিষয়টি এখনো নিশ্চিত নয়।
খবর পেয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের পাশ থেকে মরদেহটি সরিয়ে নেন। পরে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ওই নারী কীভাবে মারা গেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
