দেশের পরিবর্তিত আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা চ্যালেঞ্জ ও বিশেষায়িত অপরাধ মোকাবিলায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর সক্ষমতা আরও সুসংহত করতে বিদ্যমান আইন হালনাগাদ করে ‘দি আর্মড পুলিশ ব্যাটালিয়ন এ্যাক্ট, ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
দীর্ঘ ৪৭ বছর আগে প্রণীত ‘দি আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স’ রহিত করে সময়োপযোগী ও আধুনিক আইন প্রণয়নের মাধ্যমে এপিবিএনকে আরও দক্ষ ও প্রযুক্তিনির্ভর বিশেষায়িত বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।
১৯৭৯ সালের ৩১ মে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাক্ষরিত আদেশ নং-১৯৭-এর মাধ্যমে ‘দি আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স’-এর অধীনে এপিবিএন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতিতে সহায়তা এবং যুদ্ধকালীন সময়ে ‘সেকেন্ড লাইন ফোর্স’ হিসেবে দায়িত্ব পালন করে আসছে বাহিনীটি।
তবে দীর্ঘ সময়ে দেশের অপরাধের ধরন ও মাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে। প্রচলিত অপরাধের পাশাপাশি উগ্রবাদ, মানবতাবিরোধী অপরাধ, আন্তঃসীমান্ত অপরাধ, মানব পাচার, সাইবার ও ডিজিটাল অপরাধ, আকাশপথে সংঘটিত অপরাধ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ আইনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, জোরপূর্বক বাস্তুচ্যুত জনগোষ্ঠী, বিদেশি নাগরিকদের চলাচল এবং দেশের অভ্যন্তরে ও বাইরে মানুষের ক্রমবর্ধমান চলাচলের কারণে নিরাপত্তা ব্যবস্থাপনাতেও নতুন বাস্তবতা তৈরি হয়েছে।
প্রস্তাবিত নতুন আইনে এপিবিএনের দায়িত্বের পরিধি আরও বাড়ানোর পাশাপাশি সাইবার অপরাধ মোকাবিলা, ডিজিটাল ও ফরেনসিক সক্ষমতা বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ দমন, মানব পাচার প্রতিরোধ, উগ্রবাদ মোকাবিলা এবং কৌশলগত ও প্রযুক্তিনির্ভর অভিযান পরিচালনার ক্ষেত্রে আইনগত ভিত্তি আরও শক্তিশালী করার উদ্যোগ রয়েছে।
এছাড়া র্যাবের কাঠামোগত পরিবর্তনের প্রেক্ষাপটে আধুনিক পুলিশিংয়ের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ন্ত্রণ ও বাস্তবায়নের জন্য এপিবিএনের বিদ্যমান আইন রহিত করে নতুন আইন প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন আইন কার্যকর হলে পরিবর্তিত নিরাপত্তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এপিবিএনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা ও কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিক, শক্তিশালী ও সমন্বিত করার ক্ষেত্রে ‘দি আর্মড পুলিশ ব্যাটালিয়ন এ্যাক্ট, ২০২৬’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
