টানা ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলাবদ্ধতায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে চট্টগ্রামের নিম্নাঞ্চলের হাজারো পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। এমন সংকটময় সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার (১১ জুলাই) চট্টগ্রামের পতেঙ্গা থানার বিজয় নগর, আকমল আলী রোড, নিউ মুরিং মাদ্রাসা, নারিকেল তলা এবং নেভি হাসপাতাল গেইটসংলগ্ন এলাকায় নৌবাহিনীর সদস্যরা সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২ হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্বের অংশ। বন্যাকবলিত এলাকায় খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।
নৌবাহিনী আরও জানিয়েছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় সহায়তা, উদ্ধার ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনে অতিরিক্ত জনবল ও সরঞ্জাম মোতায়েনের প্রস্তুতিও রয়েছে।
এদিকে, টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে চট্টগ্ররের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেক এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনীর খাদ্য সহায়তা দুর্গত মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।
