২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়ায় গ্রেপ্তার হওয়া এবং হাত বাঁধা অবস্থায় আদালতে নেওয়ার ছবি ছড়িয়ে পড়ে দেশজুড়ে আলোচনায় আসা কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ এবার এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বাংলা বিষয় ছাড়া বাকি সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেন ফাইয়াজ। তখন তিনি ছিলেন ১৭ বছর বয়সী ঢাকা কলেজের শিক্ষার্থী। ১৭ জুলাই থেকে আন্দোলনে অংশ নিয়ে বন্ধুদের সঙ্গে মিলে সামনের সারিতে থাকা আন্দোলনকারীদের পানি ও খাবার সরবরাহ করার পাশাপাশি স্লোগান দিয়ে তাদের উৎসাহিত করতেন।
আন্দোলনের উত্তাল সময়ে ২৪ জুলাই রাতে রাজধানীর মাতুয়াইলের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়। এরপর কয়েক দিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ২৭ জুলাই পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয় এবং ঢাকা মহানগর হাকিম আদালত সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
আদালত থেকে বের করার সময় ফাইয়াজের দুই হাত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় প্রিজনভ্যানে তোলার ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে এবং বিষয়টি নিয়ে উচ্চ আদালতেও রিট করা হয়। পরদিন ২৮ জুলাই তার আইনজীবীরা জন্মনিবন্ধন ও এসএসসি পরীক্ষার সনদ আদালতে উপস্থাপন করে জানান যে তিনি অপ্রাপ্তবয়স্ক। পরে ঢাকা শিশু আদালত তাকে অপ্রাপ্তবয়স্ক ঘোষণা করে সাত দিনের রিমান্ডের আদেশ বাতিল এবং গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। ২৯ জুলাই হাইকোর্টে শুনানির সময় রাষ্ট্রপক্ষও স্বীকার করে যে ফাইয়াজকে রিমান্ডে নেওয়া ও দড়ি দিয়ে বেঁধে রাখার ঘটনাটি ভুল ছিল।
জুলাইয়ের সেই বেদনাদায়ক ঘটনা ও কারাবাস ফাইয়াজকে দেশজুড়ে পরিচিত করে তোলে। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ পেরিয়ে তিনি পুনরায় পড়াশোনায় মনোযোগী হন এবং সব বাধা জয় করে এইচএসসি ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রাখলেন।
