এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু

  • মানিটাইমস প্রতিবেদক:
  • 23 Oct, 2026, 09:00 AM
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু
ad


পূজার দাওয়াত শেষে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী চেসি ত্রিপুরা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টা ৭ মিনিটে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তার মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হয়েছিল।

চেসি ত্রিপুরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম। তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থী চেসি ত্রিপুরা আজ রাত ১১টা ৭ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছেন। চিকিৎসকেরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।’

চেসি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) এক বান্ধবীর বাসায় পূজার দাওয়াত খেয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে ক্যাম্পাসে ফিরছিলেন চেসি। পথে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন তিনি।

দুর্ঘটনার পর চেসিকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়।

চেসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্মৃতিচারণ করে শোক প্রকাশ করেছেন সহপাঠীরা।

সহপাঠী রবিউল আলম শোক প্রকাশ করে লেখেন, ‘বোন আমার, আর কোনো দিন দেখা হবে না। এক করিডরে হাঁটা হবে না, ল্যাবে কাজ করা হবে না, পাহাড়ি খাবার খাওয়া হবে না। ভালো থাকিস ওপারে, বোন আমার।’

আরেক সহপাঠী চেসিকে বাঁচানোর আশায় অপেক্ষায় থাকা ব্যক্তিদের কষ্টের কথা তুলে ধরে শোক প্রকাশ করেন। তিনি চেসির আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান।

চেসির মৃত্যুতে তার পরিবার, স্বজন ও বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Comment
ডিভি লটারি ফের চালু, বাংলাদেশিদের অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়ত

ডিভি লটারি ফের চালু, বাংলাদেশিদের অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়ত