তারেকের বক্তব্যে জিয়াউর রহমানের আবেগ ও কথার ধরন পেয়েছি: নুরুল হক নুর

  • নিজস্ব প্রতিবেদক:
  • 08 Nov, 2026, 03:00 PM
তারেকের বক্তব্যে জিয়াউর রহমানের আবেগ ও কথার ধরন পেয়েছি: নুরুল হক নুর
ad
প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলার ধরন এবং মানুষের প্রতি তাঁর দরদ ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। রোববার সকালে পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গতকাল আর্মি স্টেডিয়ামে আয়োজিত জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কণ্ঠে জিয়াউর রহমানের কথার ধরন, মানুষের প্রতি দরদ এবং অধিকার আদায়ের আকাঙ্ক্ষার প্রতিফলন উপলব্ধি করেছেন বলে জানান নুরুল হক নুর। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতির সুন্দর উপস্থাপনা ছিল।

জিয়াউর রহমান থেকে বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন এবং মানুষের ভালোবাসা ও সমর্থনের বিষয়টি প্রধানমন্ত্রী গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কথায় জিয়াউর রহমানের ভাষণের সেই উচ্চারণভঙ্গি ও কথার ধরন ফুটে উঠেছে।

জিয়াউর রহমানের শাসনামলে গ্রামীণ অর্থনীতি ও মানুষের পুষ্টির উন্নয়নে হাঁস-মুরগি পালন এবং রাস্তার পাশে ফলদ গাছ লাগানোর উদ্যোগের কথা তুলে ধরেন নুরুল হক নুর। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক কর্মসংস্থান ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় কিংবা মানুষ সমালোচনার সুযোগ পায়—এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। সাম্প্রতিক দুটি সিদ্ধান্তের উদাহরণ টেনে তিনি বলেন, অভিযোগের মুখে একজন সংসদ সদস্যের পদত্যাগ এবং একজন প্রতিমন্ত্রীকে নিয়ে ওঠা সমালোচনার বিষয়টি মন্ত্রিসভায় বিবেচনা করা হয়েছে।

Comment
মোংলায় ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোংলায় ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন