গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে: শফিকুর রহমান

  • মানিটাইমস প্রতিবেদক:
  • 31 Oct, 2026, 08:54 PM
গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে: শফিকুর রহমান
ad


গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নই ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবির প্রধান। এটি বাস্তবায়ন হলে অন্য ছয়টি দাবি সামনে আসত না। এসব দাবি কোনো ব্যক্তি বা দলের নয়, জনগণের।

তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার জনগণের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছে এবং আশাহত করেছে। বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি, বরং নতুন নতুন জঞ্জাল সৃষ্টি করছে। তিনি বলেন, যারা অতীতে দাসত্ব স্বীকার করেছে, তারা পরিণতি ভোগ করছে। দাবি আদায় করে ছাড়বেন বলে জানান তিনি।

যুবসমাজকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, কারো ছলনায় কান দিতে হবে না, আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে। জনগণের দাবি আদায়ে লংমার্চ সফল করার আহ্বান জানান তিনি।

সমাবেশে এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, সিস্টেম ভালো না থাকলে দেশ ভালোভাবে চলতে পারে না। তিনি অভিযোগ করেন, এই সরকার ক্ষমতায় আসার পর জেলা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে, সেখান থেকেই সব টেন্ডার নিয়ন্ত্রণ করা হচ্ছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক জুলাই বিপ্লবের প্রতি কমিটমেন্ট পুনর্ব্যক্ত করেন এবং জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে জনগণকে অসম্মান করছে। তিনি সতর্ক করেন, গণভোট অবৈধ হলে এই সরকার ও সংসদও বৈধ হতে পারে না।

মামুনুল হক আরও অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, তেল-গ্যাস সংকটে জনগণের নাভিশ্বাস উঠেছে এবং চাঁদাবাজি ও সন্ত্রাস বেড়েছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের বক্তব্যে বলা হয়, বিএনপি ভুল পথে পা বাড়িয়ে ফ্যাসিবাদের পথে হাঁটছে। সংবিধান সংস্কারের বদলে সংশোধনের উদ্যোগ নিয়ে সরকার একদলীয় শাসনের দিকে এগোচ্ছে বলেও অভিযোগ করা হয়। এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলের নেতাকর্মীদের আহত করার ঘটনার নিন্দা জানানো হয়।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতাদের মধ্যে মুজিবুর রহমান মঞ্জু, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল ও মোহাম্মদ সেলিম উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম বক্তব্য দেন।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ করছে ১১ দলীয় ঐক্য।

Comment
সর্বশেষ সংবাদ
ভারতের সঙ্গে জামায়াতের গোপন সমঝোতার অভিযোগ রাশেদ খাঁনের

ভারতের সঙ্গে জামায়াতের গোপন সমঝোতার অভিযোগ রাশেদ খাঁনের