চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য এবং তাঁর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানা গেছে।
শনিবার বিকেলে ভ্রমণ ভিসায় ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশন চেকপোস্টে গেলে কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় তাঁকে আটক করা হয়। তাওহীদুল টাঙ্গাইল সদর উপজেলার আদি টাঙ্গাইল গ্রামের বাসিন্দা।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, কাগজপত্র যাচাইয়ের সময় টাঙ্গাইল সদর থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া যায়। এরপর তাঁকে আটক করা হয়।
দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ তুহিন জানান, আটক তাওহীদুল ইসলাম বুখারীকে দর্শনা থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে তাঁকে টাঙ্গাইল জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাওহীদুলের বিরুদ্ধে টাঙ্গাইল থানায় নাশকতার মামলা রয়েছে। তবে কী কারণে তিনি ভারতে যাচ্ছিলেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তাঁকে নিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যে টাঙ্গাইল থেকে রওনা হয়েছেন।
