ককটেল বিস্ফোরণ ও আগুনে আতঙ্ক ছড়াচ্ছে সংগঠিত গ্রুপ: ডিএমপি

  • নিজস্ব প্রতিবেদক:
  • 08 Nov, 2026, 01:40 PM
ককটেল বিস্ফোরণ ও আগুনে আতঙ্ক ছড়াচ্ছে সংগঠিত গ্রুপ: ডিএমপি
ad

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার পেছনে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে একটি সংগঠিত গ্রুপ কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। রোববার (৮ নভেম্বর) দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

গত কয়েক দিনের ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনাগুলো পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। ইতোমধ্যে এসব ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর অঙ্গসংগঠনের সদস্য রয়েছেন বলে জানান আকতার হোসেন।

তিনি বলেন, ঘটনাগুলো নিয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদনের সঙ্গে সমন্বয় করে পুলিশ মোতায়েন ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়া রোধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা। ডিএমপির পক্ষ থেকে মোবাইল পার্টি ও পিকেট ডিউটি অব্যাহত রয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও চলছে।

ককটেল তৈরির উপাদান কোথা থেকে সংগ্রহ করা হচ্ছে এবং কারা এসব প্রস্তুত করছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগেও ডিবি সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করেছে এবং বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছে।

অন্যদিকে, গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জ্বালানি সংগ্রহ ও পেট্রোল পাম্পে সতর্কতা প্রসঙ্গে তিনি জানান, নাশকতার উদ্দেশ্যে কোথাও দাহ্য পদার্থ কেনাবেচা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করছে ডিএমপি।

Comment
নভেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

নভেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত