দীর্ঘ অপেক্ষার পর সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে তিনটি জাহাজে যাত্রী পরিবহন শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনুমতি পাওয়া জাহাজ তিনটি হলো—এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ। এসব জাহাজে একসঙ্গে মোট ২ হাজার ২৯৮ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক শাখার উপপরিচালক সালমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে জাহাজ তিনটি চলাচলের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়।
জাহাজমালিকদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট হয়ে জাহাজগুলো সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করার কথা। সরকারি বিভিন্ন দপ্তরের অনুমোদনের পাশাপাশি কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতি পাওয়ার পর এ নৌপথে পর্যটক পরিবহন শুরু হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এমভি বার আউলিয়া সকাল ৭টায় এবং এমভি কর্ণফুলী সকাল ৭টা ১৫ মিনিটে নুনিয়ারছড়া ঘাট ছাড়বে। এমভি টেকনাফের যাত্রা শুরুর সময় সকাল ৮টা ১৫ মিনিট। জাহাজটি বেলা সাড়ে ৩টার দিকে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছানোর কথা রয়েছে।
নৌপরিবহন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন পাওয়া জাহাজগুলোর মধ্যে এমভি বার আউলিয়ায় ৮৫০ জন, এমভি কর্ণফুলীতে ৭৩২ জন এবং এমভি টেকনাফে ৭১৬ জন যাত্রী ধারণ করতে পারবেন।
এর আগে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের অনুমতি দেওয়া হলেও জাহাজ চলাচলের অনুমোদন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় পর্যটক পরিবহন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তিনটি জাহাজের অনুমোদন পাওয়ায় সেই অনিশ্চয়তা দূর হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ ও রাতযাপন করতে পারবেন। দ্বীপে প্রবেশের ক্ষেত্রে ট্রাভেল পাস এবং কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।
এ সময়ে প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। পরিবেশ সংরক্ষণ ও দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের সরকারি নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
