তাহসিফ সাউরির মৃত্যু রহস্য: দ্বীপের জবানবন্দি, উদ্ধার হল মোটরসাইকেল

  • মানিটাইমস প্রতিবেদক:
  • 31 Oct, 2026, 12:57 AM
তাহসিফ সাউরির মৃত্যু রহস্য: দ্বীপের জবানবন্দি, উদ্ধার হল মোটরসাইকেল
ad
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার জুনিয়র বন্ধু শাহরিয়ার দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রিমান্ডে নয়, জিজ্ঞাসাবাদের জন্য তাকে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

পিবিআই সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে দ্বীপ দাবি করেছেন—ঘটনার দিন তারা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদে ঝাঁপ দেন এবং তিনি (দ্বীপ) পালিয়ে আসেন।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, তুরাগ নদের রাজবাড়ী ঘাট এলাকাটি মাদকের স্পট হিসেবে পরিচিত। মাদক কারবারিদের ধাওয়া খেয়ে তাহসিফ নদে পড়ে ডুবে যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দ্বীপের বক্তব্যসহ অন্য তথ্যগুলো যাচাই-বাছাই চলছে।

এদিকে আজ সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। পিবিআই জানিয়েছে, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফ সাউরির। তুরাগ নদী থেকে আনুমানিক ৫০ গজ দূরে এই বস্তি এলাকা।

পিবিআই আরও জানায়, বিমানবাহিনীর কর্মকর্তাকে ঘিরে করা মামলাটির তদন্ত করছে নৌ পুলিশ। ঘটনাটি গুরুত্বপূর্ণ হওয়ায় পিবিআই ছায়া তদন্ত পরিচালনার পাশাপাশি নৌ পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করছে। ছায়া তদন্তে পাওয়া সব তথ্য-উপাত্ত পরে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সাউরি। পরদিন বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌ-পুলিশ। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখানে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তাহসিফের পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। তার হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

তাহসিফের বাবা জানিয়েছেন, গত ২৭ অক্টোবর সারাদিন পরিবারের সদস্যদের জন্য শপিং করেছিলেন তাহসিফ। সন্ধ্যার পর দ্বীপ নামের এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি।

এদিকে তাহসিফের মৃত্যুর আগে তার গতিবিধি নিয়ে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ফুটেজে দেখা যায়, বন্ধু দ্বীপের সঙ্গে হাত মেলাচ্ছেন তাহসিফ। এরপর আলাদা মোটরসাইকেলে বাসা থেকে বের হন তারা দুজন। মৃত্যুর ঘটনা নিয়ে নানা প্রশ্নের মধ্যে ফুটেজটি নতুন করে আলোচনায় এসেছে।

Comment
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রায় যানবাহনের বাড়তি চাপ, সাভারে যানজটের শঙ্কা নেই

ঈদযাত্রায় যানবাহনের বাড়তি চাপ, সাভারে যানজটের শঙ্কা নেই