জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে দেশটিতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বাংলাদেশ সময় ছিল সকাল ৬টা ৫ মিনিট।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বাংলাদেশ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে সীমিতসংখ্যক সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।
চার দিনের এ সফরে জাপানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
