নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির (নওপাজেকো) বিদ্যুৎ প্রকল্পে প্রায় ৮ হাজার কোটি টাকার অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে থাকা এক কর্মকর্তাকে বসানো হয়েছে উত্তরবঙ্গের প্রধান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নেসকোর সর্বোচ্চ পদে। বিতর্কিত সাবেক প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী মশিউর রহমানকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়ায় পুরো সংস্থায় চরম প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে।
অভিযোগ উঠেছে, কর্মস্থলে নিয়মিত অনুপস্থিতি, ঢাকার লিয়াজোঁ অফিস থেকে বিতর্কিতভাবে সংস্থা পরিচালনা এবং পুরনো সিন্ডিকেটের সদস্যদের পুনর্বাসনের মাধ্যমে তিনি সমগ্র বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছেন।
১৬ জেলার ২২ লাখ গ্রাহক চরম দুর্ভোগে
নেসকো বর্তমানে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার প্রায় ২২ লাখ গ্রাহককে ৬০টি বিক্রয় ও বিতরণ বিভাগ এবং ইলেকট্রিক সাপ্লাই ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ সেবা দিয়ে থাকে। তবে বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের অনিয়ম, প্রশাসনিক ব্যর্থতা ও অদক্ষতার কারণে জরুরি এই সেবা ব্যবস্থা এখন ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
খুলনার দুই প্রকল্পে আষ্টেপৃষ্ঠে অনিয়ম
নওপাজেকোর সাবেক এমডি খোরশেদ আলমের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মশিউর রহমান এর আগে খুলনার দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিচালক ছিলেন। প্রকল্প দুটি হলো খুলনা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এবং রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র।
অভিযোগ রয়েছে, এই দুই প্রকল্পে ইপিসি ঠিকাদার নিয়োগে নজিরবিহীন অনিয়ম করা হয়েছে। কর্মকর্তাদের আপত্তি উপেক্ষা করে ঠিকাদারকে বেআইনি সুবিধা দেওয়া, প্রভাব খাটিয়ে সাবেক এমডির নিকটাত্মীয়দের উপ-ঠিকাদার হিসেবে কাজ দেওয়া, সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে সর্বোচ্চ দরদাতাকে কাজ পাইয়ে দেওয়া এবং চুক্তি অনুযায়ী কাঙ্ক্ষিত আউটপুট না পেলেও ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার মতো গুরুতর অভিযোগে তিনি জড়িত।
দুদকের তিন সদস্যের তদন্ত কমিটি
বর্তমানে নওপাজেকোর এই দুটি প্রকল্পে প্রায় ৮ হাজার কোটি টাকার লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। সংস্থাটির পরিচালক মো. আবুল হাসনাতকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠিয়ে নথিপত্র ও তথ্য-প্রমাণ তলব করেছে।
এ বিষয়ে বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, "আলোচিত প্রকল্প দুটিতে ব্যাপক অনিয়মের স্পষ্ট অভিযোগ রয়েছে। সরকারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের পাশাপাশি দুদকও বিষয়টি অনুসন্ধান করছে। এমন পরিস্থিতিতে কোনো বিতর্কিত কর্মকর্তাকে সরকারের কোনো শীর্ষ পদে বসানোর সুযোগ নেই।" তবে বিশেষজ্ঞদের এই হুঁশিয়ারি উপেক্ষা করেই মশিউর রহমানকে নেসকোর এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
রাজশাহীতে কার্যালয়, কার্যক্রম চলে ঢাকায়
নেসকোতে যোগ দেওয়ার পর থেকেই প্রাতিষ্ঠানিক অনিয়মকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে নতুন এমডির বিরুদ্ধে। দায়িত্ব নেওয়ার প্রথম চার মাসে রাজশাহীর মূল কার্যালয়ে তিনি সশরীরে উপস্থিত ছিলেন মাত্র চার দিন!
রাজশাহীর প্রধান কার্যালয় ছেড়ে ঢাকার বিজয়নগরের লিয়াজোঁ অফিস থেকে তিনি কার্যক্রম পরিচালনা করছেন। সেখানেও দুপুর ১২টার আগে তিনি দপ্তরে আসেন না বলে অভিযোগ রয়েছে। এর ফলে মাঠ পর্যায়ে জরুরি সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে এবং সমন্বয়হীনতায় আটকে থাকছে গুরুত্বপূর্ণ ফাইল।
ভাতার অনিয়ম ও বিলাসিতা
অভিযোগ রয়েছে, ঢাকায় প্রতি মাসে ১৫ থেকে ২০টি অপ্রয়োজনীয় বৈঠক ডেকে তিনি এবং অন্যান্য সুবিধাবাদী কর্মকর্তারা মোটা অঙ্কের সিটিং অ্যালাউন্স নিচ্ছেন। পাশাপাশি কর্মস্থল রাজশাহী হওয়া সত্ত্বেও ঢাকায় অবস্থান করে বেআইনিভাবে ভ্রমণ ও দৈনিক ভাতা (টিএ/ডিএ) উত্তোলন করছেন। ঢাকা-রাজশাহী যাতায়াতে নিয়মিত সরকারি বিলাসবহুল গাড়ি ব্যবহার করার পরও একই ভ্রমণের বিপরীতে যাতায়াত ভাতা নিচ্ছেন বলেও তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম কেনায় দীর্ঘসূত্রতা, সাধারণ ঠিকাদারদের বকেয়া বিল আটকে রাখা এবং নির্দিষ্ট কিছু পছন্দের সিন্ডিকেটকে কাজ পাইয়ে দিতে গোপন আঁতাতের অভিযোগও পাওয়া গেছে।
পুরনো সিন্ডিকেটের পুনর্বাসন
২০১৬ সাল থেকে নেসকোতে গড়ে ওঠা দলীয় সিন্ডিকেটের সাবেক এমডি জাকিউল ইসলামের অনুসারী ও অডিট আপত্তি থাকা শীর্ষ প্রকৌশলীদের মাধ্যমেই বর্তমান এমডি সংস্থাটি পরিচালনা করছেন। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পছন্দের বিতর্কিত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার চেষ্টা চলছে। এমনকি বোর্ডের গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী সভায় বর্তমান এমডির ঘুমিয়ে পড়ার মতো অপেশাদার আচরণের ছবি ও খবর কর্মীদের মধ্যে চরম অসন্তোষের জন্ম দিয়েছে।
দ্রুত অপসারণের দাবি
বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ এই বিতরণ সংস্থার স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে এবং উত্তরবঙ্গের ২২ লাখ গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে অনতিবিলম্বে বিতর্কিত ও অদক্ষ এই এমডিকে অপসারণের দাবি জানিয়েছেন নেসকোর প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁরা একজন সৎ, দক্ষ ও পেশাদার কর্মকর্তাকে দ্রুত এই পদে নিয়োগ দেওয়ার জোর দাবি জানিয়েছেন।
