২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পেকে অল্প ব্যবধানে পেছনে ফেলেছেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার ও রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ডের মধ্যে ভোটের ব্যবধান ছিল খুবই সামান্য। ফ্রান্স ফুটবল সাময়িকীর প্রধান সম্পাদক ভিনসেন্ট গার্সিয়া জানিয়েছেন, দুজনের মধ্যে প্রথম স্থান নির্ধারিত হয়েছে অতি অল্প কয়েকটি পয়েন্টের ব্যবধানে।
সোমবার (২৬ অক্টোবর) রাতে ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ফাঁকে গার্সিয়া বলেন, এবারের পুরস্কারের জন্য একাধিক ফুটবলার জোরালো দাবিদার ছিলেন। তবে শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন কেইন ও এমবাপ্পে। শেষ পর্যন্ত তাদের লড়াইয়ের নিষ্পত্তি হয়েছে খুব সামান্য ব্যবধানে।
গার্সিয়ার ভাষায়, ‘এ বছর বেশ কয়েকজন শক্তিশালী দাবিদার ছিলেন। সবচেয়ে কাছাকাছি লড়াই হয়েছে শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বী হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পের মধ্যে। খুবই অল্প ব্যবধানে নির্ধারিত হয়েছে এই লড়াই।’
২০২৪ সালের ব্যালন ডি’অরের লড়াইও ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেবার ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি মাত্র ৪১ পয়েন্টের ব্যবধানে হারিয়েছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে। তবে গার্সিয়ার বক্তব্য অনুযায়ী, এবার কেইন ও এমবাপ্পের মধ্যে ব্যবধান ছিল তার চেয়েও কম। ভোটের সুনির্দিষ্ট ব্যবধান তিনি প্রকাশ করেননি; তবে তাঁর বক্তব্যে স্পষ্ট—এবারের লড়াই ছিল শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চিত।
ভোট গণনার একপর্যায়ে এমবাপ্পেকেই ব্যালন ডি’অরের সম্ভাব্য দাবিদার মনে হচ্ছিল। কিন্তু শেষ দিকে পরিস্থিতি বদলে যায়। ভোটের ফলাফল সরাসরি পর্যবেক্ষণ করেছেন জানিয়ে গার্সিয়া বলেন, দীর্ঘ সময় এগিয়ে ছিলেন ফরাসি তারকা। পরে কেইন ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফিরে আসেন এবং শেষ পর্যন্ত জয় তুলে নেন।
গার্সিয়া বলেন, ‘ভোট গ্রহণের পুরো মাসজুড়েই আমি ফলাফল সরাসরি অনুসরণ করেছি। কিলিয়ান দীর্ঘ সময় এগিয়ে ছিল। কিন্তু হ্যারি কেইন আবার প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসে। শেষ পর্যন্ত খুব, খুব অল্প কয়েকটি পয়েন্টের ব্যবধানে বিজয়ী নির্ধারিত হয়েছে।’
ব্যালন ডি’অরের ভোটে নিজের পছন্দের ফুটবলারের নাম প্রকাশ করেননি ফ্রান্স ফুটবল সাময়িকীর প্রধান সম্পাদক। ভোটারদের প্রতি নির্ধারিত প্রকাশনার আগে নিজেদের ভোট প্রকাশ না করার অনুরোধ জানানোর কারণে নিজেও সেই নিয়ম মানতে চান তিনি।
গার্সিয়া বলেন, ‘প্রকাশিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি জুরির সদস্যদের অনুরোধ করি, সাময়িকী প্রকাশের আগে যেন তারা নিজেদের ভোট প্রকাশ না করেন। তাই আমিও তা করব না। আমি এমন একজনকে ভোট দিয়েছি, যিনি জেতেননি। তবে আমার মনে হয়, তারও এই পুরস্কার পাওয়ার যোগ্যতা ছিল।’
কেইন নিজের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে বরাবরই সতর্ক ছিলেন। অন্যদিকে এমবাপ্পে ও শেষ পর্যন্ত তৃতীয় হওয়া লামিনে ইয়ামাল সাম্প্রতিক সময়ে নিজেদের শ্রেষ্ঠত্ব নিয়ে প্রকাশ্যে বেশ কয়েকবার মন্তব্য করেছেন। তাদের এমন আত্মপ্রশংসা ভোটারদের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলেছে কি না, তা নিশ্চিত করে বলা কঠিন। তবে ব্যালন ডি’অরের সাবেক প্রধান পাসকাল ফেরে মনে করেন, নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে অতিরিক্ত প্রচার করা বড় ভুল হতে পারে।
ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়াঁকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেরে বলেন, ‘ভোটাররা সরল নন। একজন খেলোয়াড়কে মূল্যায়ন করার মতো অভিজ্ঞতা ও বিচারবুদ্ধি তাদের রয়েছে। সেরা খেলোয়াড় কে, তা বোঝার জন্য কাউকে দশ-পনেরোবার বলতে হয় না যে তিনিই সেরা।’ ফেরে একসময় ফ্রান্স ফুটবল সাময়িকীর প্রধান সম্পাদক ছিলেন এবং ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী আয়োজনের সঙ্গেও যুক্ত ছিলেন।
