অবসরের প্রথম বছর কিছুই করতে চান না নেইমার

  • আন্তর্জাতিক ডেস্ক
  • 23 Oct, 2026, 09:06 AM
অবসরের প্রথম বছর কিছুই করতে চান না নেইমার
ad


পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানোর পর প্রথম এক বছর কোনো নির্দিষ্ট কাজে জড়াতে চান না নেইমার জুনিয়র; নিজের ইচ্ছেমতো সময় কাটাতে চান বলে জানিয়েছেন ব্রাজিলের এই তারকা।

ব্রাজিলের অনুষ্ঠান ‘ভারান্দা গুরমে’-তে দেওয়া এক সাক্ষাৎকারে অবসর-পরবর্তী জীবনের পরিকল্পনা তুলে ধরেন সান্তোসের এই ফরোয়ার্ড। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এ খবর প্রকাশ করেছে। আন্তর্জাতিক ফুটবলকে আগেই বিদায় বলেছেন নেইমার, তবে ক্লাব ক্যারিয়ারের শেষ নিয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা দেননি।

অবসরের পর কী করবেন—এমন প্রশ্নের জবাবে নেইমার জানান, প্রথম এক বছর অনুশীলন, ফিজিওথেরাপি কিংবা নির্দিষ্ট সময়সূচির বাধ্যবাধকতা ছাড়াই দিনগুলো কাটাতে চান। হাসতে হাসতে তিনি বলেন, ‘আমি যখন খেলা ছেড়ে দেব, তখন এক বছর কিছুই করব না। এমন হবে আজ ফুটবল খেলতে ইচ্ছা করছে, তাই খেলতে যাব। আজ কিছুই করতে ইচ্ছা করছে না, তাই কিছুই করব না।’

ফুটবল খেলতে ভালোবাসলেও টেলিভিশনে বসে ম্যাচ দেখতে খুব একটা আগ্রহী নন নেইমার। প্যারিস ও বার্সেলোনায় থাকার সময় সতীর্থদের সঙ্গে তার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, ছুটির দিনে বন্ধুরা ঘণ্টার পর ঘণ্টা ফুটবল দেখতেন, কিন্তু দীর্ঘ সময় ধরে টেলিভিশনে খেলা দেখা তার পছন্দ ছিল না। প্রিয় বন্ধুদের খেলায় খারাপ পারফরম্যান্স দেখলেও তার মেজাজ খারাপ হয়ে যায় বলে তিনি জানান।

পেশাদার ফুটবলের ব্যস্ততার মধ্যেও সন্তানদের সঙ্গে সময় কাটানো তার দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে মেয়ের সঙ্গে অ্যানিমেটেড সিনেমা দেখার অভ্যাসের কথা জানান তিনি। তার মেয়ে ‘শ্রেক’ ও ‘দ্য গ্রিঞ্চ’ সিনেমা দুটি খুব পছন্দ করে, তাই মেয়ের সঙ্গে বসে সেগুলো দেখেন নেইমার। তিনি বলেন, ‘আমার জীবন খুব ব্যস্ত। ফিজিওথেরাপি করতে হয়, অনুশীলন থাকে। তারপরও সন্তানদের জন্য কিছু সময় আলাদা করে রাখি। ওরা যা পছন্দ করে, সেগুলো করার চেষ্টা করি।’

অবসর-পরবর্তী জীবন নিয়ে পরিকল্পনা থাকলেও কবে বুটজোড়া তুলে রাখবেন, তা এখনো নিশ্চিত করেননি ৩৪ বছর বয়সী এই তারকা। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি জানিয়েছিলেন, ক্যারিয়ার নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার চেয়ে আপাতত বছর ধরে ধরে এগোতে চান। সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত।

Comment
সর্বশেষ সংবাদ
খুলনার মহিলা কলেজের নতুন সভাপতি সাংবাদিক শাওন

খুলনার মহিলা কলেজের নতুন সভাপতি সাংবাদিক শাওন