নতুন পে-স্কেলে বেতন রোববার, তিন মাসের বকেয়া অনিশ্চিত

  • মানিটাইমস প্রতিবেদক:
  • 31 Oct, 2026, 08:49 PM
নতুন পে-স্কেলে বেতন রোববার, তিন মাসের বকেয়া অনিশ্চিত
ad
আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বর্ধিত বেতন পরিশোধের প্রস্তুতি নিয়েছে সরকার। নতুন পে-স্কেল কার্যকর হলে তিন মাসের বকেয়াসহ বর্ধিত বেতন পাওয়ার কথা থাকলেও বেতন নির্ধারণের প্রক্রিয়া শেষ না হওয়ায় অনেকেই তা পাচ্ছেন না।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতনকাঠামো বাস্তবায়নে এখনো বেশ কিছু জটিলতা রয়েছে। দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী ও ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা-কর্মচারী ও প্রতিষ্ঠান নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের কাজ শেষ করতে পারেনি। ফলে নির্ধারিত সময়ে সবার বর্ধিত বেতন নিশ্চিত হচ্ছে না।

নতুন বেতন নির্ধারণে বিভিন্ন গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেড পাওয়ার নিয়ম, বাড়িভাড়া ভাতা এবং পদোন্নতির পর আর্থিক সুবিধা নির্ধারণে একাধিক অসংগতি সামনে এসেছে। এসব সমস্যায় কার কত বেতন নির্ধারিত হবে, তা চূড়ান্ত করায় জটিলতা তৈরি হয়েছে। পাশাপাশি সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আইবাস++-এর জটিলতাও বেতন নির্ধারণ ও পরিশোধ বাধাগ্রস্ত করছে।

অসংগতি ও প্রশাসনিক জটিলতা নিরসনে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন জানিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে, তবে এখন পর্যন্ত এসব আবেদনের উল্লেখযোগ্য সুরাহা হয়নি। একাধিক মন্ত্রণালয় ও বিভাগের সমস্যা ১ নভেম্বরের আগে সমাধান করা সম্ভব হচ্ছে না বলেও জানা গেছে।

অর্থ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন তৈরি এবং তা বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্টদের জানাশোনার ঘাটতির কারণে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অসংগতি ও জটিলতা সমাধানে কাজ চলছে এবং অভিজ্ঞদের পরামর্শও নেওয়া হচ্ছে।

আপাতত যাঁদের বেতন নির্ধারণ সম্পন্ন হয়নি, তাঁরা আগের বেতনকাঠামো অনুযায়ী বেতন পাবেন। পরবর্তী সময়ে নতুন কাঠামো অনুসারে বর্ধিত বেতন ও বকেয়া অর্থ সমন্বয় করে পরিশোধ করা হবে।

Comment
বাইন্যান্স থেকে ৭৮ হাজার কোটি টাকা হ্যাক, ইতিহাসের সর্ববৃহৎ

বাইন্যান্স থেকে ৭৮ হাজার কোটি টাকা হ্যাক, ইতিহাসের সর্ববৃহৎ